নবাবগঞ্জে চোরচক্রের সদস্য গ্রেপ্তার
ঢাকার নবাবগঞ্জে চোরচক্রের একজনকে চুরি হওয়া মালামালসহ আটক করে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
সোমবার দুপুরে উপজেলার গঙ্গাদিয়া জাহানারাবাদ থেকে তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে নবাবগঞ্জ থানার এএসআই মো. মুহিত জানান।
গ্রেপ্তারকৃত শাহীন (৩০) উপজেলার সাদাপুর গ্রামের সিরাজ বেপারীর ছেলে।
এএসআই মুহিত জানান, শাহীন একজন পেশাদার চোর। অনেক দিন ধরে শাহীন সংঘবদ্ধভাবে চুরির কাজ করে আসছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন এ কাজে জড়িত আরো কয়েক জনের নাম বলেছে। তদন্তের স্বার্থে তাদের নাম গোপন রাখা হয়েছে বরে জানান তিনি।
তিনি জানান, সোমবার ভোরে চোরচক্রটি ওই এলাকার কয়েকটি বাড়িতে চুরি করে এক পর্যায়ে মো. কদ্দুস নামে একজনের বাড়িতে চুরি করতে আসে। কুদ্দুস টের পেয়ে চিৎকার করলে শাহীন দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে তিনি আহত হন।
পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে শাহীনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।
পিটুনি দিয়ে সকালে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। দুপুরে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
এসময় চুরি করা দুইটি মোবাইলসহ চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এব্যাপারে গঙ্গাদিয়া বাসিন্দা মো. কুদ্দুস নবাবগঞ্জ থানায় একটি মামলা করেছে।
শিকারীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলমিুর রহমান খাঁন পিয়ারা জানান, এই সংঘবদ্ধ চোর চক্রটির জন্য এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে।
