২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবাকে শায়েস্তা করতে  শিশু মুনিরাকে খুন

ঝিনাইদহের অচিন্ত্যনগর গ্রামের রমজান আলিকে শায়েস্তা করতে তার পাঁচ বছর বয়সী কন্যা মুনিরা খাতুনকে  অপহরণের পর হত্যা করা হয়।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 05:39 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

মাত্র ১০ হাজার টাকা নিয়ে মুনিরার চাচাত ভাই হুজাইফা জাহিদ অপহরণের পর ঘাতকদের হাতে তাকে তুলে দেন।

ঝিনাইদহ সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ বিডিনিউজ২৪ডটকমকে জানান, অচিন্ত্যনগর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুটি দল আছে। একটি দলে মাতব্বর নিহত শিশু মনিরার বাবা রমজান আলি।

প্রতিপক্ষ দলের লোকেরা রমজান আলিকে তাদের দলে ভেড়াতে ব্যর্থ হয়। এরপর তারা তার শিশু কন্যা মুনিরাকে হত্যা ষড়যন্ত্র করে।

মুনিরার চাচাত ভাই জাহিদকে ১০ হাজার টাকার বিনিময়ে এ কাজে লাগায়। গত ৭ জুলাই আসরের নামাজের পর পাশের মসজিদের বারন্দায় বাবার পাশে মুনিরা ঘুমিয়েছিল।

এ সময় জাহিদ ঘুমন্ত মনিরাকে তুলে নিয়ে বোরকা পড়া এক নারীরে কোলে তুলে দেয়। সেখানে আরো চারজন উপস্থিত ছিল।

রোববার সকালে গ্রেপ্তারের পর জাহিদ জিজ্ঞাসাবাদকালে এসব তথ্য দেন বলে ওসি জানান।

জাহিদ  রোববার বিকালে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জাবানবন্দিতে মুনিরা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে এ পুলিশ অফিসার জানিয়েছেন।

তবে মামলার তদন্তের স্বার্থে ওই নারীসহ অন্য চার জনের নাম বলেননি ওসি।

গত ৭ জুলাই অপহরণের পর মোবাইলফোনে অপহরণকারীরা মুনিরার বাবার কাছ দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রাতে রমজান আলি ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করেন।

গত বুধবার বিকালে গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে অচিন্ত্যনগর গ্রামের একটি পাটক্ষেত থেকে শিশুটির গলিত লাশ উদ্ধার করে পুলিশ।