চট্টগ্রামে ব্যবস্থাপককে আটকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
চট্টগ্রামে বকেয়া ভাতা ও বেতন পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার ব্যবস্থাপককে আটকে রেখে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
সোমবার সকালের দিকে নগরীর আন্দরকিল্লা এলাকার ‘মাসুদ ফেব্রিক্স’ কারখানায় এ ঘটনা ঘটে বলে শিল্প পুলিশের পরিদর্শক আরিফুর রহমান জানান।
বিক্ষুব্ধ শ্রমিকরা দাবি আদায়ে ব্যবস্থাপক সুকুমায় চৌধুরীকে আটকে রাখে। পরে শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের শান্ত করলে বেলা ১২টার দিকে তারা ওই কর্মকর্তাকে ছেড়ে দেয়।
পরে শ্রমিকদের দাবির বিষয়ে বিজিএমইএ প্রতিনিধিসহ কারখানাটির কর্মকর্তারা বৈঠকে বসেন।
পরিদর্শক আরিফুর বলেন, “বিজিএমইএ প্রতিনিধি এসেছেন। মালিককে আসতে বলা হয়েছে। বৈঠক করে বকেয়া পরিশোধের বিষয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।”
শ্রমিকদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, এ কারখানায় মে মাসের বিভিন্ন ভাতা ও ওভার টাইম এবং জুন মাসের বেতন বকেয়া পড়েছে।
আরিফুর জানান, রোববার রাতেও শ্রমিকরা বেতনের দাবিতে ব্যবস্থাপক সুকুমারকে আটকে রাখে। সোমবার বকেয়া পরিশোধের আশ্বাস পেয়ে শ্রমিকরা সকালে কারখানায় জড়ো হন। কিন্তু কারখানা মালিক কামাল উদ্দিন কারখানায় না এলে শ্রমিকরা অশান্ত হয়ে ওঠে এবং ফের ব্যবস্থাপককে আটকে বিক্ষোভ করতে থাকে।
বিক্ষোভের খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে পরিদর্শক আরিফুর জানান।
