২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ৫৯ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

হাতিয়ায় ৫৯ জেলে ও মাঝি মাল্লাকে অপহরণের পর মুক্তিপণ দাবি করেছে জলদস্যুরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 03:20 AM

Updated : 25 Apr 2022, 01:36 PM

রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত বঙ্গোপসাগরের গ্যাসফিল্ড এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে।

হাতিয়ার জাহাজমরা মাছধরা ট্রলার ও টেম্পো মালিক সমিতির সভাপতি মো. রাশেদ খান জানান, সকাল থেকে জাহাজমরা ইউনিয়নের খোকন মাঝি, মিলন মাঝি ও বাহার মাঝির তিনটি ইঞ্জিন চালিত বড় নৌকা দমার চরের আনুমানিক ৪০ কিলোমিটার দক্ষিণ পূর্বদিকে গ্যাসফিল্ড এলাকায় মাছ ধরছিল।

দুপুরের দিকে  চট্রগ্রামের আনোয়ারা ও সন্ধীপ উপজেলার আপেল, কালু, কালাম, সাইফুল ও বাবুলের নেতৃত্বে একদল জলদস্যু নৌকা তিনটিতে হামলা চালায়।

এক পর্যায়ে তারা আসপাশের আরো ১৮টি নৌকায় হামলা চালিয়ে ৫৯ জন জেলে ও মাঝি মাল্লাকে অপহরণ করে।

এ সময় জলদস্যুরা ওই তিনটি বড় ও পাঁচটি মাঝারি নৌকা এবং নৌকাগুলোতে থাকা মাছ, জাল, নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।

রাত ১০টার দিকে মোবাইলে ফোন করে অপহরণকারীরা নৌকার মালিকদের কাছে জেলেদের মুক্তিপণ হিসেবে জনপ্রতি ৭০ হাজার টাকা ও নৌকাপ্রতি তিন লাখ টাকা দাবি করেছে বলেও জানান জাহাজমরা মাছধরা ট্রলার ও টেম্পো মালিক সমিতির সভাপতি রাশেদ।

এ বিষয়ে জানতে হাতিয়া থানার ওসি নুরুল হুদার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,  ঘটনাটি তারা শুনেছেন। ঘটনাস্থল হাতিয়ার বাইরে হলেও এ ব্যপারে তারা খোঁজখবর রাখছেন।