জনপ্রশাসন মন্ত্রণালয়ে ই-নথি কার্যক্রম শুরু
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সকল পর্যায়ে ই-নথি (ডিজিটাল ফাইল ব্যবস্থাপনা) কার্যক্রম চালু হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক রোববার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর পাঠানো একটি ফাইল অনুমোদন দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী বলেন, “ই-নথি কার্যক্রম চালু হওয়ায় দেশের ডিজিটাল কার্যক্রম একধাপ এগিয়ে গেল।”
এ ব্যবস্থার মাধ্যমে স্বল্প সময়ে নাগরিক সেবা দেওয়ার পাশাপাশি প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন মন্ত্রী।
ডিজিটাল ফাইল ব্যবস্থাপনার আওতায় কোনো নথিই তিন দিনের বেশি আটকে রাখা যাবে না বলেও জানান ইসমাত আরা।
অনুষ্ঠানে জানানো হয়, ইতোমধ্যে ই-নথির সফটওয়্যার ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের দুই হাজার একশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব কর্মকর্তাকে ই-নথি ব্যবহারের উপযোগী বাংলা ইউনিকোড লেখার প্রশিক্ষণ এবং জাতীয় ই-সেবা সিস্টেম ব্যবহারে জন্য আইডি ও পাসওয়ার্ডও দেওয়া হয়েছে।
