যশোরে ভ্যান চালককে কুপিয়ে হত্যা
পারিবারিক বিরোধের জেরে যশোরে অভয়নগরে ব্যাটারি চালিত এক ভ্যানের চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলার চেঙ্গুটিয়া বাজারের কাছে রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত ইমাদুল (৩৩) উপজেলার বনগ্রামের আয়ুব গাজীর ছেলে।
অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দিন জানান, বাড়ি ফেরার জন্য ইমাদুলের ভ্যানে ওঠেন একই এলাকার রাইসুল।
চেঙ্গুটিয়া বাজারের কাছাকাছি এলাকায় পৌঁছালে ইমাদুলকে গাড়ি থামতে বলেন রাইসুল। ইমাদুল গাড়ি থামালে রাইসুল চাপাতি দিয়ে তাকে কুপিয়ে জখম করে।এ সময় ধস্তাধস্তিতে আহত হন রাইসুল।
“পরে এলাকাবাসী ইমাদুলকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
রাইসুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
