অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার, মামলা নিতে ঠেলাঠেলি
রাজধানীর মোহাম্মদপুর থেকে অপহরণের চার দিনের মাথায় পল্লবী থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধারের পর মামলা নিতে ঠেলাঠেলি শুরু করেছে দুই থানার পুলিশ।
মোমেন বখত (৪৫) নামের ওই ব্যবসায়ীর বাসা পল্লবীর উত্তর কালশির টেকেরবাড়ি এলাকায়। বাসার কাছেই তার রড সিমেন্টের দোকান।
রোববার ভোরে বাউনিয়া নতুন রাস্তা সংলগ্ন ব্রিজের কাছে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদ রানা বলেন, “মোমেনের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সে থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।”
তবে মোমেনের স্বজনদের দাবি, সম্পত্তি নিয়ে চাচাত ভাইদের সঙ্গে বিরোধের জের ধরে তার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ একাধিক মামলা হয়েছে।
অপহরণের পর মোহাম্মদপুর থানায় একাধিকবার অভিযোগ করা হলেও পুলিশ মামলা বা জিডি নেয়নি। লাশ উদ্ধারের পরও দুই থানা দায়িত্ব এড়ানোর চেষ্টায় আছে।
পরিবারের সদস্যরা বলছেন, গত ৮ জুলাই সকালে মোহাম্মদপুর তাজমহল রোড থেকে মোমেনকে অপহরণ করা হয়। অপহরণকারীরা বিকেলে সোহেলকে ছেড়ে দিলেও মোমেনকে আটকে রাখে।
পরদিন বৃহস্পতিবার সকালে মোমেনের পরিবারকে অপহরণের বিষয়টি জানায় সোহেল। তার কথা ‘অসংলগ্ন’ হওয়ায় তাকে নিয়ে মোহাম্মদপুর থানায় আসেন মোমেনের স্বজনরা।
সোহেলকে উদ্ধৃত করে মোমেনের আত্মীয় মো. বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার দিন সকালে কয়েকজনকে সঙ্গে নিয়ে আদালতে যান মোমেন। সেখান কাজ শেষে অন্যরা নেমে যান এবং চালকসহ মোমেন মোহাম্মদপুরে এক আইনজীবীর বাসায় যান।
“সেখান থেকে বের হওয়ার পরপরই একদল লোক মোমেন ও সোহেলকে হাতকড়া পরিয়ে কালো কাপড়ে মুখ ঢেকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। আর মোমেনের মাইক্রোবাসটি সেখানেই পড়ে ছিল। পরে পুলিশ সেটি উদ্ধার করে।”
মাইক্রোবাসে তোলার পর মোমেনকে মারধর করা হয় বলেও পুলিশকে জানিয়েছেন সোহেল।
বাবু জানান, সোহেলের কথায় সন্দেহ হলে তাকে তারা মোহাম্মদপুর থানায় নিয়ে যান। সেখানে পুলিশের জিজ্ঞাসাবাদে সোহেল জানান, তুলে নেওয়ার পর ওইদিনই অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়। পরে ভাইকে ফোন করলে তিনি এসে সোহেলকে নিয়ে যান।
সোহেলের কথায় পুলিশ তার ভাইকে ডেকে এনে জিজ্ঞাসবাদ করে। পরে তাকে ছেড়ে দিয়ে সোহেলকে গ্রেপ্তার করা হয়।
সোহেলকে গ্রেপ্তার করলেও মোমেনকে অপহরণের বিষয়ে মামলা নিতে থানা গড়িমসি করে বলে তার ভাগ্নি জামাই মিনাল জানান।
“গভীর রাত পর্যন্ত নিচ্ছি নেব বলে তারা আমাদের শুক্রবার সকালে আসতে বলে। কিন্তু শুক্রবার সকালে গেলে থানা থেকে বলা হয়, আমরা যেন আদালতে মামলা করি।”
মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শের বিষয়টি মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক মাসুদ পারভেজও স্বীকার করেছেন।
এর কারণ জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারাই ভাল বলতে পারবেন। তারা পুরো ঘটনা ভালভাবেই জানেন। তাছাড়া আমরা মনে করেছিলাম, কোনো আইন-শৃঙ্খলা বাহিনী তাকে ধরে নিয়ে থাকতে পারে।”
সোহেলকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
লাশ উদ্ধারের পর এখন মামলা করা হবে কি না জানতে চাইলে মাসুদ পারভেজ বলেন, “ঘটনাটি এখন পল্লবীতে। সেখানই মামলা হবে।”
অন্যদিকে পল্লবী থানার ওসি দবির উদ্দিন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়ম অনুযায়ী মামলা মোহাম্মদপুর থানায় হওয়ার কথা। সেখানে একজন গ্রেপ্তার আছে। যার বাসা থেকে বের হয়েছে তিনি সাক্ষী আছেন। যাকে হত্যা করা হয়েছে তার গাড়ি সেখানে পড়ে ছিল, যা পরে উদ্ধার হয়।”
মোহাম্মদপুরে মামলা হলে এসব ঘটনা প্রমাণ হিসেবে কাজে লাগবে বলে জানান ওসি।
নিহতের ভাগ্নি জামাই মিনাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ এখন তাদের দায় এড়াতে মোমেনকে তালিকাভুক্ত সন্ত্রাসী বলছে। মামলাগুলো একান্তই পারিবারিক। একটি হত্যা আছে, কিন্তু সেটাও সাজানো।”
