মাগুরায় বাসযাত্রীর কাছে ২ কেজি ৮০০ গ্রাম সোনা
মাগুরার শালিখায় এক বাসযাত্রীর দেহ তল্লাশি করে ১০টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ।
মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, সকাল ৬টার দিকে শালিখা থানার সামনে মাগুরা-যশোর সড়কে সংগ্রাম পরিবহনের একটি বাস থেকে মনিন্দ্র নাথ (৪০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনিন্দ্র সাতক্ষীরার বেতুয়া গ্রামের নরেন্দ্র নাথ দত্তের ছেলে। তার প্যান্টের ‘গোপন পকেটে’ সোনার বার পাওয়া যায় বলে পুলিশ সুপার জানান।
তিনি বলেন, জব্দ করা দশটি সোনার বারের ওজন দুই কেজি ৮০০ গ্রাম।
সংগ্রাম পরিবহনের ওই বাসে করে ঢাকা থেকে সাতক্ষীরার দিকে আসছিলেন মনিন্দ্র। তার বিরুদ্ধে শালিখা থানায় মামলা হয়েছে।
