যমুনার স্রোতে ভেসে গেছে শিশু
সিরাজগঞ্জে চাচার সাথে যমুনা নদীতীরে বেড়াতে গিয়ে আট বছর বয়সী এক শিশু স্রোতে ভেসে গেছে।
শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্টে এ ঘটনা ঘটে।
নদীতে নিখোঁজ হওয়া সরণ বাবা-মায়ের সাথে ঢাকার উত্তরা আশকোনা এলাকায় থাকত। সে সদর উপজেলার কান্দাপাড়ার মিজানুর রহমান মিন্টুর ছেলে।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক শ্রী পরেশ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলে আলহাজ উদ্দিনের সাথে শিশুটি হার্ডপয়েন্টে বেড়াতে যায়।
চাচাকে বসিয়ে রেখে শিশুটি তীরে পানি নাড়তে থাকে। এ অবস্থায় পানির প্রবল স্রোতে শিশুটি ভেসে যায়।
এসময় চাচাসহ আরেকজন নদীতে লাফ দিয়েও শিশুটিকে ধরতে পারেনি।
স্থানীয়রা ঝাঁপিয়ে পড়া দুজনকে পরে উদ্ধার করেছে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিশুটির খোঁজ মেলেনি।
