ফরিদপুর শহররক্ষা বাঁধে ফের ধস
ফরিদপুর শহর রক্ষা বাঁধে ফের ধস নেমেছে। শহরতলীর ধলার মোড়ে ৫০ মিটার জুড়ে সিসি ব্লক ধসে নদীগর্ভে বিলীন হয়েছে।
শনিবার ভোরে হঠাৎ এই ধসের ব্যাপারে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড নিবার্হী প্রকৌশলী ড. মো. শহীদুল ইসলাম তালুকদার বলেন, “শহর রক্ষাবাঁধে হঠাৎ করে ৫০ মিটার নদীর গর্ভে চলে গেছে।”
সদ্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশে তাত্ক্ষণিকভাবে সংস্কার কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
নদীর তলদেশের পানিতে ঘুর্ণিপাকের বৃদ্ধিকে এই ধসের কারণ বলে মনে করছেন তিনি।
তবে নদী পাড়বাসী সিরাজ শেখ, মজিবুর শেক, মরিয়ম বেগমসহ অনেকের অভিযোগ স্থানীয় কয়েকজন প্রভাবশালীর কারণে শহররক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে।
তাদের দাবি অবৈধভাবে বালু উত্তোলন না করলে এই অবস্থা হতো না।
তাদের দাবির সাথে একমত পোষণ করেন স্থানীয় জনপ্রতিনিধি ডিগ্রির চর ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুজ্জামান মিলন পাল।
তিনি বলেন, “গত দুই-আড়াই মাস ধরে যেভাবে বালু তোলা হয়েছে এবং বালু বোঝাই ভারি ট্রাক বাঁধের উপর দিয়ে চলাচল করেছে তাতে বাঁধের অনেক অংশ হুমকির মধ্যে রয়েছে।”
পানি উন্নয়ন বোর্ড অফিস থেকে জানা যায়, ২০০৫ সালে প্রথম দফায় এ বাঁধের এক কিলোমিটার নির্মিত হয়। এরপর ২০১০ সাল থেকে শুরু হয় দ্বিতীয় দফায় শহররক্ষা বাঁধের কাজ। গত বছরের মাঝামাঝি এ বাঁধের সিএন্ডবি ঘাট থেকে সাইনবোর্ড পর্যন্ত কাজ শেষ হয়। দ্বিতীয় দফায় ব্যয় হয়েছে ১৯৮ কোটি টাকা।
এদিকে শনিবারের ধসের পর বালুর বস্তা ও সিসি ব্লক ফেলে ধস থেকে রক্ষার কাজ শুরু হয়েছে বলে জানালেন ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী।
এর আগেও বর্ষার শুরুতে পানি বৃদ্ধির পরপরই সিএন্ডবি ঘাট সংলগ্ন এই বাধের ২০ মিটারের বেশি ধসে পড়েছিল।
ভাঙন প্রসঙ্গে পার্শ্ববর্তী নর্থ-চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন, “আমরা শঙ্কিত এবার বর্ষা মৌসুমে আমার এলাকার শহররক্ষা বাঁধ রক্ষা করা যাবে কিনা।”
নদীতে ড্রেজার দিয়ে বালু তোলার কারণে পদ্মাতীরের সংলগ্নবাঁধের বিভিন্ন জায়গায় ডেবে গেছে, ফাটলও দেখা দিয়েছে বলে তিনিও দাবি করেন।
