২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বালু উত্তোলন: হুমকিতে শহর রক্ষা বাঁধ

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে ফরিদপুর শহর রক্ষা বাঁধ।

ফরিদপুর প্রতিনিধি

মফিজুর রহমান শিপন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 06:39 PM

Updated : 12 Oct 2022, 03:25 PM

ফরিদপুরের ডিক্রিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়াডাংগী এলাকায় শহর রক্ষা বাঁধের কাছে পদ্মা থেকে তোলা হচ্ছে এসব বালু।

আর সারাদিনে বালুবোঝাই ৪০০/৫০০ ভারি ট্রাক বাঁধের উপর দিয়ে চলাচল করায় শহর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন স্থানীয় প্রভাবশালী নেতা অবৈধভাবে এসব বালু তুলে বিক্রির সঙ্গে জড়িত।

তারা পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন নেওয়া হয়েছে দাবি করলেও অনুমোদন দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন বোর্ড কর্মকর্তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এক মাস ধরে ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড এলাকার পশ্চিমে বালিয়াডাংগী পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় একাধিক এক্সক্যাভেটর, ট্রাক ট্রলি দিয়ে বালু উত্তোলন চলছে।

শহর রক্ষা বাঁধের পাশে বাড়ি করেছেন রহমান শেখ নামের এক ব্যক্তি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক আশা করে বাঁধের পাশে ঘর তুলছিলাম। দিনে-রাইতে সমানে ঘর ঘেঁইষা বড় বড় গাড়িগুলা বালি নিয়া যায়। সরকার এত টেহা খরচ কইরা লাভ কী অইল আমাগো?”

শহর রক্ষা বাঁধের উপর দিয়ে যেভাবে দিনে শত শত ট্রাক যাতায়াত করছে তাতে বাঁধের বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া পরিবহনের সময় বাতাসে বালি ছড়িয়ে পড়ায় বিড়ম্বনায় পড়েছেন স্থানীয়রা।

ধলার মোড়ের দোকানদার ফজল শেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওইগুলা দেহনের কাম আমাগো না। তয় কয়দিন ধইরা নাহে-মুহে (নাকে মুখে) যে হারে ধুলাবালি ঢুকতাছে, এইরম অইলে দোহান বন্ধ রাহুন লাগব।”

সিঅ্যান্ডবি এলাকার বাসিন্দা ডিগ্রিচর ইউনিয়ন যুবলীগ সভাপতি মিন্টু ফকিরের নেতৃত্বে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আইয়ুব মোল্লা, স্থানীয় সের আলী বদরোদ্দিন শেখ ও কুমারেশ বাবু বালু উত্তোলন তদারকি করেন বলে জানা গেছে।

এছাড়া কোতোয়ালি থানা বিএনপির সহসভাপতি আব্দুর রব ও ডিগ্রিচর ইউনিয়ন বিএনপি সদস্য বাচ্চু শেখ অবৈধ এই বালু ব্যবসার সঙ্গে জড়িত।

নাম প্রকাশে অনিচ্ছুক সিঅ্যান্ডবি ঘাটের একজন বালু ব্যবসায়ী জানান, আব্দুর রব, মিন্টু ফকির ও আইয়ুব মোল্লা গ্রুপের বালি বিক্রি প্রতিদিন দেড় থেকে দুই লক্ষ টাকার মত।

বালু উত্তোলন প্রসঙ্গে শহরের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আইয়ুব মোল্লা বলেন, “পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অনুমোদন নিয়ে এবং স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করেই বালু উত্তোলন করছি।”

এ বিষয়ে স্থানীয় যুবলীগ নেতা মিন্টু ফকির বলেন, “পাউবো থেকে প্রাথমিক অনুমোদন নিয়ে পদ্মার চরের জেগে উঠা আমাদের জমি থেকেই বালু উত্তোলন করছি।”

“আমার জমির বাইরে যে জায়গা থেকে বালু তোলা হচ্ছে সেসব জমির মালিকরা আমার কাছ থেকে টাকা নিয়েছে।”

তবে অনুমোদন নেওয়ার বিষয়টি নাকচ করে ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, “বালু উত্তোলনের কোনো অনুমতি দেওয়া হয়নি। আমি বেশ কয়েকবার অভিযান চালিয়েছি কিন্তু আমরা সেখানে গেলে ওরা চলে যায়।”

শহর রক্ষা বাঁধ হুমকির মুখে কিনা জানতে চাইলে তিনি বলেন, বাঁধের উপর দিয়ে ভারি যানবাহন চলাচল নদী শাসন আইনের পরিপন্থি, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক সরদার সরাফত আলী বলেন, “আমি অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি।”

সরকারি সম্পদ রক্ষায় জেলা প্রশাসন সজাগ রয়েছে বলে দাবি করেন তিনি।