ফরিদপুরে শহর রক্ষা বাঁধে ধস
বর্ষা মৌসুমের শুরুতেই ফরিদপুর শহর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। শহরতলীর সিএন্ডবি ঘাট সংলগ্ন এ বাঁধের প্রায় ২০ মিটার জুড়ে বোল্ডার দেবে গেছে।
প্রায় ১০ কিলোমিটার শহররক্ষা বাঁধের বেশ কয়েকটি স্থানে ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে নদীতীরের মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা জানান, ১৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত (সিএন্ডবি ঘাট থেকে সাইনবোর্ড পর্যন্ত) প্রায় ১০ কিলোমিটার শহররক্ষা বাঁধটি পদ্মার ভাঙন থেকে রক্ষা করছে ফরিদপুর শহরকে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত দুই মাস ধরে শহরের সিএন্ডবি ঘাট থেকে ধলার মোড় পর্যন্ত দুই কিলোমিটার জায়গা জুড়ে পদ্মার বুক থেকে অবাধে বালু তুলে নেওয়া হয়েছে।
এ সময় বালু বোঝাই ভারি যানবাহন শহররক্ষা বাঁধের উপর দিয়ে চলাচল করায় বাঁধটিতে ছোট ছোট ফাটল দেখা দেয়।
সম্প্রতি পদ্মায় পানি বৃদ্ধির পরপরই সিএন্ডবি ঘাট সংলগ্ন এই বাঁধের ২০ মিটারের বেশি অংশ দেবে যায়, যা প্রতিদিনই বাড়ছে।
ঘাট সংলগ্ন এলাকায় হঠাৎ বাঁধের একাংশ দেবে যাওয়ায় ব্যবসায়ীরা হুমকির মুখে রয়েছেন বলে জানান ফরিদপুর সিএন্ডবি ঘাটের ইজারদার আব্দুল জলিল শেখ ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শহররক্ষা বাঁধের দেবে যাওয়া অংশ দ্রুত মেরামত করার দাবি জানান তিনি।
স্থানীয় বাসিন্দা মোস্তাক তালুকদার বলেন, ভারি ট্রাক বাঁধের উপর দিয়ে দিন-রাত চলার কারণে বাঁধের বিভিন্ন অংশ ধসে পড়েছে। অনেক জায়গায় বাঁধের সিসি ব্লকগুলো নিদিষ্ট স্থান থেকে সরে গেছে।
নদীর পানি বৃদ্ধি পেলে বিপদের আশঙ্কা আরও বাড়বে বলে জানান তিনি।
বাঁধে ধস দেখা দেওয়ায় বিপদের আশঙ্কা করছেন মজিবুর শেখ, মরিয়ম বেগমসহ আরও অনেকে।
ডিগ্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুজ্জামান মিলন পাল জানান, গত দুই-আড়াই মাস ব্যাপকভাবে বালু তোলা হয়েছে, বালু বোঝাই ভারি ট্রাক বাঁধের উপর দিয়ে চলাচল করেছে। এ কারণে বাঁধের অনেক অংশ হুমকিতে রয়েছে।
শহররক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত স্থানগুলো বর্ষা মৌসুমের আগেই মেরামতের ব্যবস্থা নেওয়া হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম মো. আকতারুজ্জামান।
