আগাম জামিন সংক্রান্ত রিভিউ আবেদন খারিজ
আগাম জামিন বিষয়ে সাত দফা নির্দেশনা সংক্রান্ত আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে করা (রিভিউ পিটিশন) আবেদন খারিজ হয়েছে।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
অর্থ পাচারের অভিযোগে দুদকের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের আগাম জামিন বাতিল করে দেওয়া রায়ে গত বছরের ২৪ ফেব্রুয়ারি আপিল বিভাগ সাত দফা নির্দেশনা দিয়েছিল।
ওই রায় পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক আবেদনটি করে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও মওদুদ আহমদ।
আদেশের পর অ্যার্টনি জেনারেল সাংবাদিকদের বলেন, “রিভিউর বিষয়টি খারিজ হয়েছে। কারণ এখানে জামিন বাতিল করা হয়েছিল খন্দকার মোশাররফের, তিনি কারাগারে আছেন। যে কোনো মামলায় রিভিউ করতে পারেন, যিনি সংক্ষুব্ধ ব্যক্তি তিনিই।..অথচ আপিল বিভাগে রিভিউ করেছেন খন্দকার মাহবুব হোসেন সমিতির সভাপতি ও মাহবুব উদ্দিন খোকন সম্পাদক হিসেবে। আমি বলেছি উনারা তো মামলায় কোনো পক্ষ ছিলেন না। উনাদের দায়ের করা রিভিউ চলতে পারে না।”
শুনানির এক পর্যায়ে আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের বিষয়ে কথা উঠেছিল বলে তিনি জানান।
মাহবুবে আলম বলেন, “এখন যদি কোনো আসামিকে রিমান্ডেই নেওয়া না যায়, তাহলে মামলার মূলসূত্র, অপরাধের ধরন ও অপরাধে যুক্ত, এটা বের করা সম্ভব হয় না। ফলে আগাম জামিনের পরিপ্রেক্ষিতে অনেক মামলারই কিন্তু তদন্ত কাজ প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে।”
তিনি বলেন, আগাম জামিন একেবারে দেওয়া যাবে না, আদালত তা বলেনি। বলেছে জামিন দেওয়ার ক্ষেত্রে কী অভিযোগ আছে, তা জনগুরুত্বপূর্ণ কতখানি এবং এই অপরাধের জন্য যারা ভুক্তভোগী তাদের দিকটাও বিবেচনায় নিতে হবে।
ফাইল ছবি
ওই রায়ে বলা হয়, কারও জন্য বিবেচনার দরজা খুলতে তাদের (বিচারক) এই মর্মে সন্তুষ্ট হতে হবে যে, গড়পড়তা দাবির ওপর বিশ্বাস না করে সুনির্দিষ্ট, স্পষ্ট, যৌক্তিক, বিশ্বাসযোগ্য কারণ এবং যথেষ্ট ব্যাখ্যাসহ সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে।
“নির্দিষ্ট কেউ অথবা হাকিম/বিচারকদের কোনো গ্রুপের বিরুদ্ধে সন্দেহ থাকলে তার কারণ নির্দিষ্টভাবে ব্যাখ্যাসহ উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে বিচারকদেরও (হাই কোর্টের) ওই সন্দেহ যুক্তিগ্রাহ্য মনে হওয়ার কারণ জানাতে হবে।”
নির্দেশনার দ্বিতীয় দফায় বলা হয়, আবেদনকারীর রাজনৈতিক পরিচয় অথবা তার সঙ্গে কারো বিরোধের দাবি (যে কারণে মামলা হয়েছে) আবেদন মঞ্জুরের ক্ষেত্রে বিবেচ্য হতে পারে না।
রায়ে বলা হয়, এজাহারে অপরাধ ‘জামিন অযোগ্য’ হিসাবে উল্লেখ করা থাকলে হাই কোর্ট বিভাগকেই যে বিষয়টি বিবেচনা করতে হবে- এমন কথা নেই। যথাযথ ক্ষেত্রে হাকিম/নিম্ন আদালত বা ট্রাইব্যুনালের বিচারকরাও এ ধরনের আসামির জামিন মঞ্জুর করতে পারেন।
নির্দেশনার চতুর্থ দফায় বলা হয়েছে, অভিযুক্ত কারাগারের বাইরে থাকলে তার প্রভাব যদি তদন্তকে প্রভাবিত করে- তাহলে তা অনুমোদনযোগ্য নয়।
রায়ে বলা হয়, হাই কোর্ট বিভাগকে অবশ্যই যথাযথভাবে এজাহার পর্যালোচনা করতে হবে। জঘন্য অপরাধের অভিযোগের ক্ষেত্রে আগাম জামিন দেয়া সাধারণভাবে বন্ধ করতে হবে।
আসামির বিরুদ্ধে আনা অভিযোগ ‘বানোয়াট’ বলে দাবি করা হলেও এ ধরনের অপরাধে জামিনের ক্ষেত্রে তা বিবেচনায় নেওয়া যাবে না।
যে কারো অধিকার রক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে ঘটনার শিকার ব্যক্তি এবং বৃহৎ পরিসরে সমাজের স্বার্থ বিবেচনায় নিতে হবে বলেও বলা হয় আপিল বিভাগের নির্দেশনায়।
“সকল ক্ষেত্রে সন্তুষ্ট হলে হাই কোর্ট বিভাগ অভিযুক্ত ব্যক্তিকে স্বল্প সময়ের জন্য জামিন দিয়ে আবেদনের নিষ্পত্তি করতে পারে। কোনো রুল জারি না হলে এর মেয়াদ সাধারণভাবে চার সপ্তাহের বেশি হবে না।”
“আর জামিন মঞ্জুরের আদেশে এটা অবশ্যই দৃষ্টিগ্রাহ্যভাবে উল্লেখ করতে হবে যে, পরবর্তী সময়ে বিচারিক আদালত হাই
কোর্টের আগাম জামিনের ‘রেফারেন্স’ না দিয়ে এর আইনগত দিক বিবেচনা করে সংশ্লিষ্ট মামলার জামিন আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। কোনো মামলায় অভিযোগপত্র হয়ে গেলে আগাম জামিন আর কার্যকর থাকবে না।”
