নদীতে ফেলে যুবককে হত্যা
দিনাজপুরের বিরল উপজেলায় নৌকা থেকে নদীতে ফেলে এক যুবকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ণভবা নদীর লালমাটিয়া ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত মতুর্জা রহমান বাবু (২৫) সদর উপজেলার মুরারীপুর গ্রামের মৃত ওসিমুদ্দিনের ছেলে।
এ ঘটনায় মাজেদুর রহমান (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।
মতুর্জার পরিবারের বরাত দিয়ে বিরল থানার ওসি আব্দুল হাই সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ণভবা নদী পাড় হওয়ার জন্য মর্তুজা ও মাজেদুর একটি নৌকায় উঠেন। এ সময় নৌকায় বসার জায়গা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মর্তুজাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় মাজেদুর।
পরে স্থানীয়রা নদী থেকে মতুর্জার লাশ উদ্ধার করে।
লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে বলে জানান ওসি।
