গাজীপুরে কারখানা মালিককে জরিমানা
গাজীপুরে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং তা বিক্রির অভিযোগে এক কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে টঙ্গীর দত্তপাড়া এলাকার বঙ্গ সি ফুড প্রডাক্টস কারখানাকে এ জরিমানা করে
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীনের আদালত।
নাহিদা পারভীন জানান, গোপন সংবাদর ভিত্তিতে বঙ্গ সি ফুড প্রডাক্টসের কারখানায় অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ম্যাংগো পুডিং জেলি ও লিচি ফুড জেলি তৈরি এবং তা বিক্রির
অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই প্রতিষ্ঠানের মালিক সামসুদ্দিন রানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরে ওইসব খাদ্যদ্রব্য ধ্বংস করা হয় বলেও জানান তিনি।
