কারিগরি ত্রুটিতে একাদশে ভর্তির ওয়েবসাইট দুই ঘণ্টা বন্ধ
অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত কার্যক্রমের জন্য তৈরি করা ওয়েবসাইটটি বৃহস্পতিবার দুই ঘণ্টার জন্য অকার্যকর হয়ে পড়ে।
বৃহস্পতিবার বেলা ১২টার পর থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং কলেজ কর্তৃপক্ষ www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে ঢুকতে পারছিলেন না।
বেলা সাড়ে ১২টার পর ওয়েবসাইটে দেখা যায় কারিগরি ত্রুটির কারণে দুঃখপ্রকাশ করে লেখা, “আমরা শিগগিরই ফিরব! সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, ত্রুটি সারানোর চেষ্টা চলছে, দয়া করে পরে চেষ্টা করুন।”
পরে ওয়েবসাইটটি হ্যাকড হওয়ার গুজব ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট কর্মকর্তা এমন তথ্য নাকচ করেন।
ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক আসফাকুস সালেহীন দুপুর ১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়েবসাইটে ক্রুটি নিয়ে বুয়েট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তারা ওয়েবসাইট ঠিক করার চেষ্টা করছে।
“তারা জানিয়েছেন বড় ধরনের কোনো সমস্যা হয়নি। খুব তাড়াতাড়িই ওয়েবসাইটটি ব্যবহারের উপযোগী হয়ে যাবে।”
তবে কী ধরনের ত্রুটির কারণে এই সমস্যা দেখা দিয়েছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
পরে দুপুর ১টা ৫৫ মিনিটে ওয়েবসাইটটি ঠিক হওয়ার কথা জানান আসফাকুস।
কারিগরি জটিলতার কারণে নির্ধারিত সময়ের তিন দিন পর ২৮ জুন মধ্যরাতে একাদশে ভর্তির জন্য প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় হাজারো ভুলের কারণে কলেজে গিয়ে বিড়ম্বনায় পড়েন শিক্ষার্থীরা।
অনেক কলেজ কর্তৃপক্ষও সময়মতো তালিকা না পেয়ে শিক্ষার্থী ভর্তি করাতে ভোগান্তিতে পড়ে।
ভর্তিতে একের পর এক জটিলতা দেখা দিলে অভিযোগের আঙুল ওঠে শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের দিকে।
শিক্ষামন্ত্রীর নির্দেশনা অমান্য করে তার অনুপস্থিতির সুযোগ নিয়ে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি করেন সচিব। ডিজিটাল পদ্ধতিতে ভর্তির প্রক্রিয়া বাধ্যতামূলক করায় গোটা প্রক্রিয়া অচল হয়ে পড়লে ওই ঘটনা সংবাদ মাধ্যমের শিরোনাম হয়।
অবশ্য এরমধ্যেই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, বিলম্ব ফি ছাড়াই শিক্ষার্থীরা আগামী ২৬ জুলাই পর্যন্ত কলেজে ভর্তির সুযোগ পাবে।
