কমলাপুরের সেই ‘টিকেটসংগ্রাম’
ঈদে ট্রেনের আগাম টিকেট কিনতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে চলছে সেই চিরচেনা সংগ্রাম।
অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল ৯টায়। কিন্তু বরাবরের মতোই আগের রাতে এসে কাউন্টারের সামনে অবস্থান নেন অনেকে।
সকালে যখন কাউন্টার খোলা হল, টিকেটের আশায় তখন লাইনে দাঁড়িয়ে হাজারো মানুষ।
ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটেও এদিন রেলের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন দেওয়া হয় ১৩ জুলাইয়ের টিকেট। আর শুক্রবার পাওয়া যাবে ১৪ জুলাইয়ের।
এছাড়া ১১ জুলাই ১৫ তারিখের, ১২ জুলাই ১৬ তারিখের এবং ১৩ জুলাই ১৭ তারিখের টিকিট পাওয়া যাবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে টিকেট বিক্রি।
চাঁদ দেখা সাপেক্ষে এবার ১৮ জুলাই রোজার ঈদ হতে পারে।
সকাল ৯টায় কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, কোনো কাউন্টারের সামনেই তিলধারণের যায়গা নেই।
চট্টগ্রামের টিকেট কিনতে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুরুন্নবী সোহাগ জানান, তিনি লাইনে জায়গা নিয়েছেন রাতেই।
“সেহরি খেয়েই এখানে চলে এসেছি। আমি এসেও অনেককে লাইনে পেয়েছি।”
ঢাকার কমলাপুর রেলস্টেশনে ঈদের আগাম টিকিট কিনতে আসা মানুষের ভিড়।
ঈদে ট্রেনের আগাম টিকেট বিক্রির প্রথম দিন বৃস্পতিবার কমলাপুর স্টেশনে টিকেট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়।
দিনাজপুরের টিকেট নিতে আসা মকসুদুল ইসলামও ভোররাতে লাইনে দাঁড়িয়েছেন। সকালে টিকেট পাওয়ার পর রাতের কষ্ট ভুলেছেন তিনি।
“বছরে দুইবার মাত্র বাড়ি যাওয়া হয়। সবাই মিলে ঈদ করব, সুতরাং একটু কষ্ট হলেও সেটা মেনে নিই।”
কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক সীতাংশু চক্রবর্তী বলেন, “যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অনিয়ম ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে।”
টিকেট বিক্রির কার্যক্রম দেখতে সকালে কমলাপুরে আসেন রেলমন্ত্রী মুজিবুল হক। টিকেট কিনতে সমস্যা হচ্ছে কি না- সে বিষয়ে খোঁজ খবর নেন তিনি।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, “যাত্রীরা যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন, সে ব্যবস্থা আমরা নিয়েছি। ঘরে ফেরার সময় তাদের নিরাপত্তার জন্য র্যাব, পুলিশ ও বিজিবির সঙ্গে বৈঠক করা হয়েছে। তারা আশ্বস্ত করেছেন, ঘরমুখো মানুষের যাত্রায় কোনো অসুবিধা হবে না।”
এ বছর ঈদে প্রতিদিন আড়াই লাখের বেশি যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার ঘোষণা দেন রেলমন্ত্রী।
ঈদের পর ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ১৬ জুলাই। ওইদিন পাওয়া যাবে ২০ জুলাইয়ের আগাম টিকেট।
এছাড়া ১৭ জুলাই ২১ তারিখের, ১৯ জুলাই ২২ ও ২৩ তারিখের এবং ২০ জুলাই ২৪ তারিখের আগাম টিকেট মিলবে।
ঈদের পরে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় টিকিট বিক্রি হবে।
রেল মন্ত্রণালয় এবার ঈদেও পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে।
ঈদের আগে ১৫-১৭ জুলাই এবং পরে ২০-২৬ জুলাই দেওয়ানগঞ্জ স্পেশাল, চাঁদপুর স্পেশাল, পার্বতীপুর স্পেশাল এবং খুলনা স্পেশাল নামে এসব বিশেষ ট্রেন চলবে।
