২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার কাউন্সিলের নির্বাচন পেছাল

আইনজীবীদের নিয়ন্ত্রক ও তদারক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনের জন্য ২৬ অগাস্ট নতুন দিন ঠিক করে দিয়েছে আপিল বিভাগ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 12:32 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

ভোটার তালিকা প্রস্তুতের জন্য সময় বাড়ানোর আবেদনে বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেয়।

পাশাপাশি নির্বাচনের জন্য ৩০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং কোনো আপত্তি উঠলে তা মীমাংসার জন্য ৩ অগাস্ট দিন ঠিক করে দিয়েছে সর্বোচ্চ আদালত।

ভোট দেওয়ার জন্য ভোটারদের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট সঙ্গে রাখতে বলা হয়েছে। ভোটে ব্যবহার করতে হবে অমোচনীয় কালি।

এর আগে গত ২৮ মে এক আদেশে বার কাউন্সিলের চেয়ারম্যানকে (অ্যাটর্নি জেনারেল) আহ্বায়ক ও কাউন্সিলের সচিবকে ভোটার তালিকা পর্যালোচনা করে ১২ জুলাইয়ের মধ্যে তা প্রকাশ করতে বলেছিল আপিল আদালত। ভোটের জন্য ১৩ অগাস্ট দিন রাখা হয়েছিল।

কিন্তু তালিকা প্রকাশের নির্ধারিত দিনের চার দিন আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আপিল বিভাগের কাছে সময়ের আবেদন করেন।

অন্যপক্ষে আদালতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আমিরুল ইসলাম, রোকন উদ্দিন মাহমুদ এবং বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।

শুনানি শেষে আদালত ভোটের তারিখ পিছিয়ে নতুন দিন ঠিক করে দেয়।  

গত ২৫ মার্চ বার কাউন্সিল নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছিল, তাতে ভোটের দিন রাখা হয়েছিল ২০ মে। এরপর ৯ এপ্রিল ভোটার তালিকা প্রকাশ করা হয়, যাতে ভোটার সংখ্যা দেখানো হয় ৪৮ হাজার ৪৬৫ জন।

ওই তালিকায় ‘অস্পষ্টতা ও একই নাম একাধিকবার’ থাকার কথা জানিয়ে কাউন্সিলের পাঁচ নির্বাচিত সদস্য এবং ১০১ জন আইনজীবী আলাদাভাবে বার কাউন্সিলের চেয়ারম্যান ও সচিবকে চিঠি দেন। চিঠিতে তারা তালিকা ঠিক করতে বলেন।

এরপর ১২ মে তলবি সভা করে ভোটের তারিখ পিছিয়ে ২৭ মে নতুন তারিখ রাখা হয়।

এরপর সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত ১৭ মে এ নির্বাচনের তফসিল, ভোটার তালিকা এবং ২০০৩ সালের সংশোধিত বার কাউন্সিল আইনের ৩ নম্বর ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে দুটি রিট আবেদন করেন। ২১ মে হাই কোর্ট রুলসহ নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেয়।

বার কাউন্সিলের সচিব এবং তিন প্রার্থী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এম বদরুদ্দোজা হাই কোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন।

এ ছাড়া বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সদস্য প্রার্থী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও বার কাউন্সিলের বর্তমান কমিটির দুজন সদস্য সৈয়দ রেজাউর রহমান ও এইচ আর জাহিদ আনোয়ার ভোটার তালিকা ত্রুটিমুক্ত করে নির্বাচন চেয়ে আলাদা আবেদন করেন।

আপিল বিভাগ ২৮ মে এসব আবেদনের ওপর শুনানি করে ভোটের তারিখ ঠিক করে দেয়।

পুরনো খবর:

বার কাউন্সিলের নির্বাচন ১৩ অগাস্ট