চট্টগ্রাম বন্দরের পণ্য চুরিতে গ্রেপ্তার ৬
চট্টগ্রাম বন্দর থেকে বের হওয়া পণ্য চুরির সঙ্গে জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম ও গাজীপুরে গত দুইদিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. ইউসুফ আলী (৩৫), অজিউর রহমান ওরফে মাস্টার (৪৫), হামিদুল ইসলাম লাবু (৪৮), মো. ইউসুফ খান (৩৮), মো. বিল্লাল (৩৫) ও মো. আলম সওদাগর (৪৫)।
গ্রেপ্তার সবাই একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য বলে দাবি পুলিশের।
বন্দর থানার এসআই মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই চক্রে ট্রাক মালিক, চালক, শ্রমিকের পাশাপাশি অ্যালুমিনিয়াম ব্যবসার সঙ্গে সম্পৃক্তরাও রয়েছেন।
তিনি বলেন, এনার্জি প্যাক নামে একটি প্রতিষ্ঠানের জন্য চীন থেকে সাড়ে চার হাজার মিটার তার আমদানি করা হয়। সেগুলো জয়দেবপুর নিয়ে যাওয়ার পথে প্রায় সাড়ে নয়শ মিটার চুরি হয় অভিযোগ করে গত ২০ জুন বন্দর থানায় একটি মামলা হয়।
ওই মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে ট্রাকচালক ইউসুফকে গ্রেপ্তার করা হয় জানিয়ে তিনি বলেন, “পরে আদালতে দেওয়া তার স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তার আলম সওদাগরের কাছ থেকে চুরি করা তার বিক্রির সাত লাখ টাকা উদ্ধার করা হয় বলে জানান এসআই কামরুজ্জামান।
গ্রেপ্তারদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৭ জুন রাতে পাঁচটি ট্রাকে আমাদানি করা সাড়ে চার হাজার মিটার তার নিয়ে জয়দেবপুরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা করা হয়।
“পথে সীতাকুণ্ডের পাকা রাস্তার মাথা এলাকায় তার পরিবহনে নিয়োজিত দুটি ট্রাকের মালিক আব্দুল মান্নানের গোডাউনে ও অন্য দুটি ট্রাকের মালিক গাজীপুর কোণাবাড়ি এলাকায় একটি গোডাউনে নিয়ে ৯৪২ মিটার তার কেটে রাখে।”
চুরি করা তারগুলো কিনে নেয় আলম নামে এক ব্যক্তি এবং তার থেকে তামা বের করে ঢাকার বংশালে গোলাম মাওলা কায়েস চৌধুরী নামে এক ব্যক্তির কাছে বিক্রি করা হয় বলে জানান এস আই কামরুজ্জামান।
কায়েসের বিরুদ্ধে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা আছে জানিয়ে কামরুজ্জামান বলেন, ঢাকা ও সীতাকুণ্ডে কায়েস ও মান্নানকে ধরার জন্য অভিযান চালিয়েও তাদের পাওয়া যায়নি।
গত জানুয়ারি মাসে কোণাবাড়িতে ভাই ভাই মন্ড ওয়ার্কশপ নামে কায়েসের একটি প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ চোরাই তামা উদ্ধার করেছিল র্যাব।
