২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্য আয়: দেশবাসীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ায় দেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 05:54 PM

Updated : 22 Aug 2022, 12:44 PM

তিনি বলেন, “``এ অর্জন আমার একার নয়, এটা সম্মিলিত অর্জন। দেশের সবার প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। এজন্য দেশবাসীই ধন্যবাদ পাওয়ার যোগ্য।”

আগামীতেও অগ্রগতির এ ধারা যাতে অব্যাহত থাকে সেজন্য সবার দোয়া ও সহযোগিতা চান তিনি।

`বাংলদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হওয়া` নিয়ে বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা হয়।

দুই ডজনেরও বেশি সাংসদ আলোচনায় অংশ নেন। ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এর আগে আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা বলেন, অনেক বাধা-বিপত্তি পেরিয়ে বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে।

“``অনেক বাধা এসেছে। আজ যেটুকু অর্জন হয়েছে, জ্বালাও-পোড়াও না হয়ে সুষ্ঠুভাবে দেশ এগিয়ে চললে জিডিপি ৭ ভাগের উপরে থাকত। যারা জ্বালাও-পোড়াও করেছে, তাদের প্রত্যাখ্যান করেছে এ দেশের জনগণ।

“জ্বালাও-পোড়াও প্রত্যাখ্যাত হয়েছে বলেই বাংলাদেশ আজ নিম্ন মধ্য আয়ের দেশের মাইলফলক অর্জন করতে পেরেছে।”

তিনি বলেন, “``ধাপে ধাপে আমরা আরও এগিয়ে যাব। এজন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।”

সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বুধবার সংসদে এই ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন।

আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, সিডিপি প্রতি তিন বছরে স্বল্পোন্নত দেশের তালিকা হালনাগাদ করে। এর সর্বশেষ সভা হয় ২০১৫ সালে। পরবর্তী সভা হবে ২০১৮ সালে। সেখানে বাংলাদেশের অবস্থানের উত্তরণ হবে।

তিনি বলেন, “কালের পরিক্রমায় অনেক দেশ স্বল্পোন্নত দেশের তালিকায় স্থান পেয়েছে। ১৯৭৫ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় এসেছে। বাংলাদেশ, কেনিয়া, মিয়ানমার, তাজিকিস্তান নিম্ন আয়ের তালিকা থেকে নিম্ন মধ্য আয়ের দেশে গেছে।

“এই উত্তরণে তিনটি বিষয় বিবেচনা করা হয়, মাথাপিছু জাতীয় আয়, মানবসম্পদের অবস্থান এবং তিন নম্বরে সবচেয়ে কষ্টকর অর্থনৈতিক ঝুঁকিগ্রস্থতা।”

আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “স্বাধীনতার পর বিশ্বব্যাংক বলেছিল- আমাদেরকে সব সময় পরনির্ভরশীল হয়ে থাকতে হবে। কিন্তু বঙ্গবন্ধু দেখে গেলেন না, এই সেই দেশ যা তিনি দেখতে চেয়েছিলেন।

“এখন স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে ধনী। আমরা এখানেই থেমে থাকব না। আমরা উন্নত দেশে পরিণত হব। আমাদের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।”

 কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “বিশ্ব ব্যাংক বলেছে; কিন্তু হাতের চুড়ি আয়নায় দেখতে হয় না। বিশ্বব্যাংক বললে আমাদের পেট ভরবে না।

“এই সেই বিশ্ব ব্যাংক যারা কাল্পনিক দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতুর কাজ পিছিয়ে দেয়। এই সেই বিশ্ব ব্যাংক যারা কৃষিতে ভর্তুকির ঘোরতর বিরোধী। কিন্তু আমাদের নেত্রী বলেছেন, এটা ভর্তুকি না। এটা বিনিয়োগ। কৃষক সেই প্রতিদান দিয়েছে।”

“বড় বড় ডিগ্রি নিয়ে বিশ্ব ব্যাংকে বসে থাকলে সেখানে পৃথিবীর ভবিষ্যৎ কম্পিউটারাইজড হয়ে থাকে না।”

“বিশ্ব ব্যাংককে বলব- হুঁশ করে চলেন। আপনি সিগারেট খাবেন, আর আমার কোট পুড়ে যাবে। পরে আপনি সরি বলবেন। সরি বললেন, কিন্তু আমার কোটের কী হবে?”

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “অর্থনৈতিক পণ্ডিতদের দিয়ে দেশ আগাতে পারে না। রাজনৈতিক নেতৃত্ব করেছে। অনেকে মাহাথির বলেন, মাহাথির কী? শেখ হাসিনা শেখ হাসিনাই। এটাই একটা মডেল।”

তিনি বলেন, “খালেদার প্রতি একটাই প্রস্তাব, দেশে স্থিতিশীলতা বজায় রাখতে গণতান্ত্রিক আচরণ করতে হবে। নয়তো এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। অপরাজনীতি কাজ করবে না।”

কাজী ফিরোজ রশীদ বলেন, “এখন আমাদের দরকার সুশাসন, আর্থিক খাতে শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা। আমাদের যেই লক্ষ্য তা বাস্তবায়নে সুশাসন দরকার।

“এখন যেখানে যাই, আইন আর বিধি দেখায়। একটা শালিক-টিয়া পাখি পালতেও এই নিয়ম সেই নিয়ম।”

এগিয়ে যাওয়ার জন্য মহাপরিকল্পনা ও প্রস্তুতির অভাব রয়েছে বলে মনে করেন তিনি।

ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা বলেন, “মধ্যম আয়ের দেশে পরিণত হতে হবে। মানব সম্পদ উন্নয়নে গুরুত্ব দিতে হবে। রপ্তানিতে স্থিতিশীলতা বজায় রাখতে হবে।”

মইন উদ্দিন খান বাদল, নজিবুল বশর মাইজভান্ডারি, ফজলে নূর তাপস, রুস্তম আলী ফরাজী, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন।