চুয়াডাঙ্গায় সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা
চুয়াডাঙ্গার জীবননগরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্থানীয় এক সাংবাদিক নিহত হয়েছেন।
নিহত আবু সায়েম (৩৫) দৈনিক সমকাল পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি ছিলেন।
এ সময় তারা বাবা আবুল খায়ের বাচ্চু মোল্লাও ছুরিকাহত হন।
জীবননগর থানার ওসি হুমায়ুন কবির জানান, মঙ্গলবার রাতে জীবননগরের পেয়ারাতলা গ্রামে নিজ বাড়িতে তিনি ছুরিকাহত হন। বুধবার বিকাল ৪টার দিকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে তার মৃত্যু হয়।
সায়েমের ওপর হামলায় জড়িত সন্দেহে রাজিব রহমান (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
ওসি বলেন, সায়েম নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১১টার দিকে শব্দ শুনে ঘরের বাইরে গেলে এক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে।
তার চিৎকার শুনে তার বাবা বাচ্চু মোল্লা এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে একই দুর্বৃত্ত।
রাতেই সায়েমকে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে এবং সেখান থেকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়।সেখানে তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি ও একটি লাল কাপড় পাওয়া গেছে জানিয়ে ওসি হুমায়ুন কবীর বলেন, মাথায় লাল কাপড় জড়ানো এক যুবককে কয়েকদিন ধরে আবু সায়েমের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে।
ঘটনাস্থলে ফেলে যাওয়া লাল কাপড়ের সূত্র ধরে বুধবার সকালে পুলিশ দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে রাজিব রহমানকে (২৬) প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
