আদালতের কর্মচারীকে মারধর: ওসিসহ ১০ আসামির জামিন
আদালতের কর্মচারীকে হত্যা চেষ্টার অভিযোগের মামলায় গাইবান্ধা সদর থানার ওসিসহ ১০ আসামিকে জামিন দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. মহসিনুল হক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
এদিকে ওসিসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়ার একদিন পর গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এস এম তাসকিনুল হককে গোবিন্দগঞ্জ চৌকিতে বদলি করা হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী শামসুল আলম প্রধান জানান, আসামিরা গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমের আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানান। বিচারক জামিন মঞ্জুর করে আগামী ১৬ জুলাই মামলার পরবর্তী তারিখ রেখেছেন।
গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের অফিস সহকারী কমল চৌধুরী মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে গত ৫ জুলাই সদর থানার ওসি রাজিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন, সোনালী ব্যাংক গাইবান্ধা প্রধান শাখার ব্যবস্থাপক আয়েশ উদ্দিন, গাইবান্ধা ডিবি (গোয়েন্দা) পুলিশের উপ-পরিদর্শক রাকিব হোসেন ও কনস্টেবল রফিক, ওই ব্যাংক শাখায় নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী উপ-পরিদর্শক আইয়ুব হোসেন, পুলিশ কনস্টেবল সাদ্দাম, সাইমুম, শাহিনুর, আব্দুল্লাহ ও বাবলু।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে জেলা জজ আদালতের এক কর্মচারী জানান, রাষ্ট্রপতির পক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-০১ এর জ্যেষ্ঠ সহকারী সচিব উৎপল চৌধুরী স্বাক্ষরিত গত ০৫/০৭/২০১৫ তারিখের এক পত্রে বিচারক এ এস এম তাসকিনুল হককে গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকিতে বদলি করা হয়েছে।
একই আদেশে গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নাহিদুজ্জামানকে শরীয়তপুর জেলার চিকন্দি চৌকিতে জ্যেষ্ঠ সহকারী জজ হিসেবে বদলি করা হয়েছে।
