২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই ভোগান্তি, সেই অভিযোগ, খুশির ঝিলিক

রোজার ঈদ সামনে রেখে বরাবরের মতোই বিড়ম্বনা আর বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের মধ্যে ঢাকা থেকে উত্তর ও দক্ষিণ জনপদের বিভিন্ন গন্তব্যে বাসের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2015, 02:09 PM

Updated : 12 Oct 2022, 03:57 PM

ভোর থেকে কঠিন সংগ্রাম করে যারা টিকেট পাচ্ছেন, তারা ঘরে ফিরছেন আনন্দ নিয়ে। আর যারা কাউন্টারে গিয়ে কাঙ্ক্ষিত দিনের টিকেটের ‘নেই’ শুনছেন, তাদের মুখে নামছে আঁধার।

প্রতি ঈদেই বাসের আগাম টিকেট কিনতে সবচেয়ে বেশি ভিড় দেখা যায় গাবতলী বাস টার্মিনালে। শুক্রবার আগাম টিকেট বিক্রির প্রথম দিনও সেখানে দেখা গেল একই চিত্র। 

গাবতলী বালুরমাঠে হানিফ কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়ানো কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, টিকেটের জন্য কাউন্টারের সামনে লোক আসা শুরু হয়েছে রাত আড়াইটা থেকে। ভোর সাড়ে ৫টা থেকে যখন বিক্রি শুরু হল, ততক্ষণে লাইনে কয়েকশ মানুষ টিকেটের অপেক্ষায়।

গাবতলী থেকে মূলত উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন গন্তেব্যের বাস ছাড়ে। বিভিন্ন কাউন্টারে কথা বলে জানা গেলে, হাতে টিকিট থাকলে শনি ও রোববারও আগাম টিকেট বিক্রি চলবে। 

আশুলিয়া থেকে দিনাজপুরের টিকেট কিনতে আসা গার্মেন্ট কর্মী গোলাম রব্বানী হানিফ কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন সেহেরির পরপরই। বেলা ১১টায় টিকেট পাওয়ার পর তার চোখেমুখে ফুটে বেরুচ্ছিল আনন্দ।

তিনি বলেন, “পাঁচটা চাইছিলাম, তিনটা পাইছি। ঈদে বাড়ি যাব।”

যাত্রীদের চাহিদাকে পুঁজি করে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে অভিযোগ করে বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে নবাব আলী বলেন, “৬০০ টাকার টিকেট ৮৫০ টাকা নিচ্ছে। ঠাকুরগাঁওয়ের জন্য টিকেট নিলেও ভাড়া নেওয়া হচ্ছে বালিয়াডাঙ্গা।”

একই অভিযোগ পাওয়া গেল কল্যাণপুরে হানিফ কাউন্টারে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র  অর্ণবের কাছে। তিনি জানান, এমনিতে যশোরের টিকেট ৪৮০ টাকা হলেও এখন নেওয়া হচ্ছে ৬৫০ টাকা।

হানিফ পরিবহনের ম্যানেজার (উত্তরাঞ্চল) মো. ওয়াহিদুজ্জমানের সঙ্গে কথা বলে অভিযোগের কিছুটা সত্যতাও পাওয়া গেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা টিকেটের গায়ের যে মূল্য সেটাই নিচ্ছি। তবে যে যেখানেই নামুক, টিকেটে লাস্ট স্টপেজের ভাড়া নেওয়া হচ্ছে। ১৫ ও ১৬ জুলাইয়ের টিকেটের চাপ বেশি। আমরা চেষ্টা করছি সবাই যাতে টিকেট পায়। আমাদের পর্যাপ্ত গাড়ি আছে।”

রাজশাহীর টিকেট নিতে গাবতলীতে আসা ইডেন কলেজের ছাদ্রী তাসলিমা আক্তার অভিযোগ করেন, মেয়েদের জন্য আলাদা কোনও লাইন না থাকায় সকাল ৬টায় এসে টিকেট কেনা নিয়ে তাকে যথেষ্ট ভোগান্তিতে পড়তে হয়েছে।

এ বিষয়ে ওয়াহিদুজ্জামান বলেন, “মহিলাদের জন্য আলাদা লাইন সম্ভব না। এ কারণে ভীড় বেশি।”

গাবতলীতে ভীড় থাকলেও মহাখালী বাস টার্মিনালের চিত্র প্রতিদিনের মতোই। মূলত ঢাকার পাশের জেলাগুলোর জন্য এই টার্মিনাল হওয়ায় এখানে আগাম টিকিটের ব্যবস্থা নেই।

তবে সিলেট, বিয়ানীবাজার, রংপুর, দিনাজপুর, রাজশাহীসহ দূর পাল্লার কয়েকটি পথে মহাখালীতেও ঈদের আগে আগাম টিকিট ছাড়া হয়েছে বলে মহাখালী বাস টার্মিনালের সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম জানান।