২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবির রেজিস্ট্রারের বিরুদ্ধে তথ্য কমিশনের সমন

আবেদন করেও এক শিক্ষক তথ্য না পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) রেজিস্ট্রারের বিরুদ্ধে সমন জারি করেছে তথ্য কমিশন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2015, 10:59 PM

Updated : 22 Aug 2022, 12:42 PM

বুধবার এই সংক্রান্ত একটি চিঠি বিশ্ববিদ্যালয়ে এসছে বলে রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা নিজেই জানিয়েছেন।

তবে যে সময়ের অভিযোগের ভিত্তিতে এই সমন জারি করা হয় সে সময় রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্বে ছিলেন প্রধান প্রকৌশলী আলমগীর হোসেন।

গত রোববার রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব নেন উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হুদা।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিনের অভিযোগের প্রেক্ষিতে তথ্য কমিশন এ সমন জারি করে। 

অধ্যাপক কামরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মো. আলমগীর চৌধুরী রেজিস্ট্রার থাকাকালীন এক শিক্ষক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষক নিয়োগ ও বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার আয়-ব্যয় জানতে চেয়ে আবেদন করেন। তথ্য না পেয়ে তিনি তথ্য অধিকার আইনে কমিশনে একটি অভিযোগ করেন।

কামরুল হুদা বলেন, “তথ্য কমিশন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে তথ্যগুলো দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছে।”

উপাচার্যের সঙ্গে আলোচনা করে তথ্যগুলো ডাক যোগে কমিশনে পাঠানো হবে বলে জানান তিনি।

অভিযোগকারী শিক্ষক গাজী সালেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবছরের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপিত পদের অতিরিক্ত শিক্ষক নিয়োগ ও পরিবহন শাখার আয়-ব্যয় সম্পর্কে তথ্য চেয়ে ততকালীন রেজিস্ট্রার আলমগীর চৌধুরীর কাছে লিখিত আবেদন করেছিলাম।

“পনের দিনের মধ্যে তথ্য না পেয়ে আমি তৎকালীন উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের কাছেও আবেদন করি। তারপরও কোনো ধরনের তথ্য না পেয়ে আমি রেজিস্ট্রার আলমগীর হোসেনের বিরুদ্ধে তথ্য কমিশনে লিখিত অভিযোগ করি।”

সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ করেছিলেন অধ্যাপক গাজী সালেহ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিনও ছিলেন গাজী সালেহ।

পুরনো খবর:

চবি উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ শিক্ষকের