২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

একীভূত হলো সুইডেন, ডেনমার্ক, নরওয়ের দূতাবাস

এখন থেকে ঢাকায় সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের দূতাবাস তিনটি একীভূত হয়ে একসঙ্গে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2015, 01:24 PM

Updated : 22 Aug 2022, 12:41 PM

বুধবার রাজধানীর গুলশান দুই নম্বর নর্থ অ্যাভিনিউয়ের ‘বে’স এজওয়াটার’ ভবনের সপ্তম তলায় ‘নরডিক দূতাবাস’ চালু হবে।

মঙ্গলবার তিনটি দেশের দূতাবাসের এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, কার্যালয়টি ভাগাভাগি করে ব্যবহার করবে তিন দেশের দূতাবাস।  

এরই মধ্যে ডেনমার্ক ও নরওয়ে নতুন ঠিকানায় কাজ শুরু করলেও প্রস্তুতির জন্য সুইডিশ দূতাবাসের কাজ ১ থেকে ১২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।  

বিবৃতিতে বলা হয়েছে, “নরডিক দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে কাজ করবে নতুন এই দূতাবাস।”

ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যান ফুগল এসকায়ের বলেন, “বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বিনিময়ের কার্যক্রমকে আরো শক্তিশালী করবে নতুন নরডিক দূতাবাস।

বিভিন্ন দেশে সহযোগিতা বাড়াতে যৌথ নরডিক দূতাবাসগুলো কাজ করছে জানিয়ে নরওয়ের রাষ্ট্রদূত মেরেট লুনডেমো বলেন, “বাংলাদেশেও একই ধরনের কার্যক্রম শুরু করতে পেরে আমি আনন্দিত। ”

তিন দেশের একসঙ্গে কাজ করাকে একসঙ্গে এগোনোর জন্য বড় ধরনের সুযোগ হিসেবে দেখছেন সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিসেল।