২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে মুদি দোকানীকে গলা কেটে হত্যা

রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ এলাকায় এক মুদি দোকানীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2015, 10:16 AM

Updated : 25 Apr 2022, 01:33 PM

সোমবার সকাল পৌনে ৮টার দিকে মো. জাফর (৪২) নামের ওই দোকানীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, “নিহতের গলা কাটা ছিল। শরীরের বিভিন্ন স্থানেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”      

রায়েরবাগের একটি সাততলা ভবনের তৃতীয় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন জাফর। ওই এলাকাতেই নুসরাত জেনারেল স্টোর নামে একটি মুদি দোকান চালাতেন তিনি।

স্ত্রী নূর জাহান ও ছেলে সকালে জাফরকে হাসপাতালে নিয়ে আসে বলে পরিদর্শক মোজাম্মেল জানান।

নূর জাহানের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাতে জাফর বাসায় ছিলেন না। ভোরের দিকে বাসার দ্বিতীয় তলার সিঁড়িতে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা হাসপাতালে নিয়ে আসেন।   

“মা ও ছেলের কথায় অসংলগ্নতা আছে। রাতে জাফর দোকানেই ছিলেন, নাকি অন্য কোথাও ছিলেন সে বিষয়ে তারা স্পষ্ট কিছু বলতে পারছেন না।”

কদমতলী থানার এসআই এনায়েত করিম জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।