ভারি বর্ষণে ডুবেছে সেন্টমার্টিন
দুদিনের ভারি বর্ষণে প্রথমবারের মতো পানিবন্দি হয়ে পড়েছে সেন্টমার্টিন দ্বীপবাসীরা।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারি বর্ষণের সঙ্গে থেমে থেমে ঝড়ো হাওয়া বইছে বলে জানিয়েছেন সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন।
অতীতে কখনো এই দ্বীপের বাসিন্দারা পানিবন্দি হয়নি দাবি করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত ও শুক্রবার দিনভর ঝড়ো-হাওয়ার সঙ্গে ভারি বর্ষণের ফলে পুরো দ্বীপের রাস্তা-ঘাট পানিতে ডুবে আছে।
“শুক্রবার সকালে ঝড়ো হাওয়ায় ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। সাগরের ঢেউয়ের আঘাতে বিধ্বস্ত হয়েছে ২৪টি বসতবাড়ি। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি বাড়ি ও দোকানপাটসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান।”
সেন্টমার্টিন বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার জীবদ্দশায় তো বটেই, আগেও দ্বীপের মানুষ কখনো পানিবন্দী হয়নি।”
টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ জানান, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও সহায়তার জন্য তার নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের প্রস্তুতিও রয়েছে বলেও দাবি করেন তিনি।
