২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ফের দূতাবাস খুলবে পোল্যান্ড

বাংলাদেশে ফের দূতাবাস চালু করার কথা ভাবছে পোল্যান্ড।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2015, 11:13 PM

Updated : 25 Apr 2022, 01:32 PM

পোলান্ডের রাজধানী ওয়ারসতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মাফুজুর রহমান তার পরিচয়পত্র দিতে গেলে দেশটির প্রেসিডেন্ট এ কথা জানান।

এর আগে নবনিযুক্ত রাষ্ট্রদূত ওয়ারসোতে শহীদ সেনাসদস্যদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান। এরপর প্রেসিডেন্টের বাসভবন ‘বেলভেদার প্যালেসে’ আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।

বেলভেদার প্যালেসে ম্যানিলা হলের রাসবেরী রুমে বাংলাদেশি রাষ্ট্রদূতকে স্বাগত জানান প্রেসিডেন্ট ব্রনিসফ কমরভক্সি নিজেই।

ব্রনিসফ কমরভক্সি ওয়ারসতে দূতাবাস খোলার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “এটা খুবই স্বাভাবিক যে ঢাকায় দূতাবাস খোলার মধ্য দিয়ে পোলান্ড তার সস্মান প্রদর্শন করবে।”

পোল্যান্ড সরকার বিদেশের তার মিশনগুলোকে আবারও পর্যালোচনা করে দেখছে বলে জানান তিনি।

“বিশেষ করে এশিয়াতে কূটনৈতিক প্রতিনিধিত্ব আরও বাড়ানো দরকার।”

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে অটল অবস্থানের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

১৯৭২ সালের সালের ১২ জানুয়ারি দ্বিতীয় ইউরোপীয় রাষ্ট্র হিসেবে পোল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এরপর থেকেই পোল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক ক্রমবর্ধমান এবং বর্তমানে তা ষাট কোটি ডলারেরও বেশি ।

কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে নতুন প্রযুক্তির ক্ষেত্রে পোল্যান্ড বাংলাদেশকে বরাবরই সাহায্য করে আসছে। খনিজ আহরণ ও জাহাজ তৈরিতে প্রযুক্তি সহায়তার ক্ষেত্রেও বাংলাদেশের সঙ্গে পোল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে।