ইতিহাসের ‘ঘুম ভাঙিয়েছিলেন’ জাহানারা ইমাম: অনুপম
শহীদ জননী জাহানার ইমামের স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজ বিজ্ঞানী অনুপম সেন।
শুক্রবার চট্টগ্রামে শহীদ জননী জাহানারা ইমামের ২১ তম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, পাকিস্তানি আর্মি যে গণহত্যা চালিয়েছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। কিন্তু যুদ্ধাপরাধীরা গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে অকপটে বলেছিলেন এদেশে কোন যুদ্ধাপরাধ হয়নি।
ওই সময় জাহানারা ইমাম জনগণকে সম্পৃক্ত গণ আদালত প্রতিষ্ঠার কথা তুলে ধরে তিনি বলেন, “তৎকালীন বিএনপি সরকার তাকে দেশদ্রোহী হিসেবে ঘোষণা করেছিলন। আর সে মামলা মাথায় নিয়ে তাকে মৃত্যু বরণ করতে হয়েছে।
অনুপম সেন আরও বলেন, মুক্তিযুদ্ধের যে ইতিহাস বাঙালি জাতি ভুলতে বসেছিল নব্বইয়ের দশকে জাহানারা ইমাম সে ইতিহাসকে জনগণের সামনে আবারও তুলে আনেন।
জাহানারা ইমামের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও মনে করেন তিনি।
অনুষ্ঠানে শহীদ জায়া মুশতারী শফি বলেন, সব যুদ্ধাপরাধীদের বিচার শেষ হলেই শহীদ জননীর আত্মা শান্তি পাবে। তরুণরা স্বোচ্চার হলে দেশে ঘাতক দালাল নির্মূল হবে।
চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আবৃত্তি সংগঠন প্রমা এই আলোচনা সভার আয়োজন করে।
প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুল হক, আগরতলা থেকে আসা সংস্কৃতিকর্মী সুবীর চৌহান, চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান।
