২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৭৫ পরিবার নিরাপদ আশ্রয়ে

চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসকারী আরও ৭৫ পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2015, 10:39 PM

Updated : 25 Apr 2022, 01:32 PM

শুক্রবার নগরীর মতিঝর্ণা এলাকায় অবৈধভাবে পাহাড়ে বসবাসকারী ৭৫টি পরিবারকে সরিয়ে নেওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভাবে নির্মাণ করা ২৫টি ঘরও ভেঙে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান সিদ্দিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সরিয়ে নেওয়া পরিবারগুলোর মধ্যে বেশ কয়েকটি পরিবার আত্নীয়-স্বজনদের বাসায় আশ্রয় নিয়েছে।

“যারা যায়নি তাদের লালখান বাজার এলাকার শহীদ নগর প্রাথমিক বিদ্যালয়ে ‘সাময়িক আশ্রয় কেন্দ্রে’ রাখা হয়েছে।”

উচ্ছেদের পাশাপাশি পাহাড়ের অবৈধভাবে তৈরি করা বাসাগুলো থেকে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান তিনি।

পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে গত ১৪ জুন থেকে পাহাড়ে ঝুঁকিপুর্ণ ভাবে বসবাসকারীদের পাহাড় থেকে সরিয়ে নিতে উচ্ছেদ শুরু করে জেলা প্রশাসন।

শুক্রবার পর্যন্ত চতুর্খ দফায় মোট ১৮৩ পরিবারকে পাহাড় থেকে সরিয়ে নেওয়া হয়।