মাদক নিয়ন্ত্রণে ‘শ্রেষ্ঠ’ গাজীপুর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সাফল্যের স্বীকৃতি হিসাবে ২০১৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘শ্রেষ্ঠ সার্কেল’ হয়েছে গাজীপুর।
গাজীপুর সার্কেলের পরিদর্শক মো. ফরহাদ হোসেন জানান, শুক্রবার সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল গাজীপুর সার্কেলকে ‘শ্রেষ্ঠ সার্কেলের’ ক্রেস্ট দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা উপ-অঞ্চলের উপ-পরিচালক মো. আবুল হোসেন গাজীপুর সার্কেলের পক্ষে পুস্কার গ্রহণ করেন।
পরিদর্শক ফরহাদ জানান, গাজীপুর সার্কেল গত বছর ১২০০ বোতল ফেনসিডিল, নয় হাজারেরও বেশি ইয়াবা, ২০৬ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ চোলাই ও বিদেশি মদ উদ্ধার করে।
এসব ঘটনায় ২৭৮ জনকে গ্রেপ্তার, ১৭ জনের সাজা এবং ২৪২টি মামলা দায়ের করা হয়। জনগণকে সচেতন করতে আয়োজন করা হয় ৯৮টি অনুষ্ঠান।
সারা দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০৮টি সার্কেল রয়েছে বলে ফরহাদ হোসেন জানান ।
সারা দেশের মতো গাজীপুরেও এদিন ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস’ পালিত হয়।
এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে সিভিল সার্জন মো. আলী হায়দার খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর সার্কেলের পরিদর্শক মো. ফরহাদ হোসেন ও উপ-পরিদর্শক মাহবুব হোসেন এ অনুষ্ঠানে বক্তব্য দেন।
