ভারি বর্ষণে ভোগান্তি চট্টগ্রামে
টানা চতুর্থ দিনের মতো দিনভর ভারি বর্ষণে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে চট্টগ্রাম নগরীর বাসিন্দাদের।
বুধবার রাতে ভারি বর্ষণের পর বৃহস্পতিবার সকাল থেকে ছিল টানা বৃষ্টি, ফলে দেখা মেলেনি সূর্যের।
বৃষ্টির কারণে সড়কে যানবাহন চলাচল ছিল তুলনামূলক কম। ফলে সপ্তাহের শেষ কর্মদিবসে অফিস ও স্কুল-কলেজগামীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিকালেও প্রবল বৃষ্টি হওয়ায় অফিস ফেরত লোকজন সমস্যায় পড়েন।
আগ্রাবাদে অপেক্ষমান মো. শাহজাহান বলেন, “বিরামহীন বৃষ্টি হচ্ছে। তার মধ্যে বাস একেবারে নেই। মোহাম্মদপুরে যেতে কোনো ট্যাক্সি বা রিকশাওয়ালাকে রাজি করাতে পারছি না।”
পতেঙ্গা আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১৫ দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ ফরিদ আহমদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবারও বৃষ্টিপাত হবে।
বিকাল ৩টায় সমুদ্র বন্দরে থাকা সতর্কতা সংকেত নামিয়ে ফেলা হয়েছে। তবে নদী বন্দরকে ১ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নগরীর সিডিএ আবাসিক এলাকা, ব্যাপারী পাড়া এবং আগ্রাবাদ এক্সেস সড়ক সংলগ্ন এলাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা ছিল। বিকালের দিকে এসব এলাকায় পানি নামতে শুরু করে।
সকাল ৯টা পর্যন্ত চকবাজারের কিছু অংশে পানি ছিল। তবে বেলা বাড়ার সাথে আর জলাবদ্ধতা ছিল না।
নগরীর নিম্নাঞ্চল হিসেবে পরিচিত বাকলিয়া, হালিশহর, মুরাদপুর, দুই নম্বর গেট ও প্রবর্তক মোড়ে বৃহস্পতিবার জলাবদ্ধতা হয়নি।
এরআগে গত বুধবারও টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
ভারি বৃষ্টি হওয়ায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপনকারী ৫০টি পরিবারকে বুধবার নগরীর লালখান বাজারের মতিঝর্ণা পাহাড় থেকে সরিয়ে নেয় স্থানীয় প্রশাসন।
