ফেনীতে পুকুরে যুবকের লাশ
ফেনীর সোনাগাজীতে পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, যাকে জুয়া খেলাকে কেন্দ্র করে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বগাদানা ইউনিয়নের ইছাপুর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আবুল কালাম রিপন (২৭) উপজেলার মান্দারি গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি রিকশা চালাতেন।
এ ঘটনায় মোহাম্মদ ইস্রাফিল (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ওসি নবীর হোসেন জানান, রিপন প্রতিদিনের মতো জুয়া খেলার জন্য বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় বৃহস্পতিবার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এদিকে বিকালে পাশ্ববর্তী ইছাপুর গ্রামের ইস্রাফিলের চা দোকান সংলগ্ন একটি পুকুরে মাছ ধরার জন্য স্থানীয় এক ব্যক্তি জাল ফেললে তাতে রিপনের লাশ উঠে আসে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, “প্রাথমিক তদন্তে রিপনের গলায় শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হতে পারে বলে পুলিশ ধারণা করছে।”
হত্যার সঙ্গে জড়িত সন্দেহে বগাদানা ইউনিয়নের ইছাপুর গ্রামের আবদুল খালেকের ছেলে মোহাম্মদ ইস্রাফিলকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
