মিরপুরে বাংলালিংকের এজেন্টের কর্মীকে কুপিয়ে টাকা লুট
রাজধানীর মিরপুরের ভাসানটেকে মোবাইল অপারেটর বাংলালিংকের একটি এজেন্ট অফিসের এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে নগদ টাকা ও সিমকার্ড লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভাসানটেকের দেওয়ানপাড়ায় ‘লিটল চাইল্ড কেয়ার স্কুল’র সামনে এ ঘটনা ঘটে
আহত শাহ পরানকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।
তিনি বলেন, মিরপুর-১০ নম্বরের কাছে বাংলালিংকের একটি এজেন্ট অফিসের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন শাহ পরান।
বেলা ১২টার দিকে ভাসানটেকের ভাড়া বাসা থেকে দেওয়ানপাড়া এলাকায় বিভিন্ন দোকানে টাকা সংগ্রহ করতে বের হন তিনি। রিকশায় চড়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
শাহ পরান বাধা দিলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। তার মাথা, বুক ও গলায় জখম হয়েছে।
ব্যাগে নগদ এক লাখ টাকা ও প্রায় এক লাখ টাকার সিমকার্ড ছিল বলে শাহ পরানের বরাত দিয়ে জানান পরিদর্শক মোজাম্মেল।
