২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বৃষ্টিতে বরিশাল নগরীতে জলাবদ্ধতা

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বরিশাল নগরীতে রাস্তাঘাট পানিতে তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 04:45 PM

Updated : 12 Oct 2022, 03:55 PM

বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার দিনভর কখনও গুড়ি গুড়ি, আবার কখনও মুষলধারে চলা এ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশাল থেকে অভ্যন্তরীণ নৌপথে ছোট লঞ্চ চলাচল বন্ধ রয়েছে বলে বরিশাল বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানিয়েছেন।

বরিশাল আবহাওয়া অফিসের কর্মকর্তা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত।

বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্ভোগ সম্পর্কে নগরীর ফকিরবাড়ি রোড এলাকার ব্যবসায়ী মো. তাজউদ্দিন বলেন, জলাবদ্ধতার কারণে পানি তার দোকানে ঢুকে লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।

Image
বরিশালে টানা বৃষ্টিতে বৃহস্পতিবার নগরীর রাস্তাঘাটে জলাবদ্ধতা

বরিশালে টানা বৃষ্টিতে বৃহস্পতিবার নগরীর রাস্তাঘাটে জলাবদ্ধতা

Image
টানা বৃষ্টিতে বরিশাল নগরীর রাস্তাঘাটে জলাবদ্ধতা, পানি মাড়িয়ে চলছে পথচলা

টানা বৃষ্টিতে বরিশাল নগরীর রাস্তাঘাটে জলাবদ্ধতা, পানি মাড়িয়ে চলছে পথচলা

অটোরিকশাচালক রফিক মিয়া বলেন, নগরীর প্রাণকেন্দ্র সদর রোড ছাড়াও হাসপাতাল রোড, ফজলুল হক এভিনিউ, ব্রাউন কম্পাউন্ডসহ নগরীর অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় অটোরিকশা চালাতে সমস্যা হচ্ছে।

নগরীর নিচু এলাকাগুলোর বাসিন্দারা পানি বন্দি হয়ে পড়েছেন। কারও কারও বসতঘরে পানি ঢুকে পড়েছে।

জলাবদ্ধ এলাকা পরিদর্শনে গিয়ে সিটি মেয়র আহসান হাবিব কামাল বলেন, “গত ২৫ বছরে বরিশালে এমন বৃষ্টি হয়নি। বৃষ্টির পানিতে পুকুর, খাল ও নদী ভরে যাওয়ায় পানি নামতে পারছে না।”

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বরিশাল নদী বন্দর এলাকায় ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আবুল বাশার মজুমদার জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২ নম্বর সংকেতের কারণে ৬৫ ফুটের কম আয়তনের লঞ্চগুলো চলাচল বন্ধ রাখা হয়েছে।