ধর্ষণের রঙ্গমঞ্চে বাংলাদেশ সভ্য নয়: মেনন
নারীর প্রতি সহিংসতা রোধে ‘যথাযথ পদক্ষেপ’ নেওয়া হয়নি মন্তব্য করে সরকারের কঠোর সমালোচনা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
তিনি বলেছেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ধর্ষণের রঙ্গমঞ্চ হয়ে দাঁড়িয়েছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, এ ধরনের একটি স্পর্শকাতর বিষয়ে আমরা সঠিকভাবে ব্যবস্থা নিতে পারিনি।”
বৃহস্পতিবার সংসদে বাজেট প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় এ মন্তব্য করেন আওয়ামী লীগের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন।
গত কয়েক মাসে বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌন হয়রানি, একটি স্কুলে এক শিশুকে যৌন নিপীড়ন এবং ঢাকায় চলন্ত মাইক্রোবাসে, গাজীপুরে নৌকায় দুই কর্মজীবী নারীসহ বেশ কয়েকটি দলগত ধর্ষণের ঘটনা এবং পুলিশের ভূমিকা নিয়ে সরকারের সমালোচনার মধ্যেই মেননের এ বক্তব্য এল।
তিনি বলেন, “আমি আমাদের দেশের নারীর ক্ষমতায়নের কথা বলি; এবং গর্ব করে বলি এ বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু যে দেশের নারীরা রাত-বিরেতে তাদের চলাচলের ক্ষেত্রে নিরাপদ বোধ করতে পরে না এবং তাদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত থাকে, সেদেশকে সভ্য দেশ বলে গণ্য করা যায় না।”
‘দুর্নীতি-সন্ত্রাসে অর্জন ম্লান’
মন্ত্রীসভার এই সদস্য দুর্নীতির প্রতিকারে সরকারের ‘অক্ষমতা’ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।
“একদল লোক দেশের সম্পদ লুটে নিচ্ছে। মাননীয় অর্থমন্ত্রী এ ব্যাপারে সোচ্চার হলেও আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করি, তার অপার ক্ষমতা থাকার পরেও তিনি এদের বিষয়ে ব্যবস্থা নিতে অক্ষম হয়েছেন।”
টানা কয়েক বছর ধরে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধির সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দুর্নীতিকে বাধা হিসাবে চিহ্নিত করেন এই বাম নেতা। আর এই দুর্নীতির জন্য তিনি দায়ী করেন বিএনপিঘনিষ্ঠদের।
“বিশ্বব্যাংক বলেছে, দুর্নীতির কারণে আমাদের প্রবৃদ্ধির আড়াই ভাগ লস হয়। দুর্নীতি দূর হলে দারিদ্র্য ১১ শতাংশে নেমে আসবে। হাওয়া ভবনের দুর্নীতি আমরা দেখেছি। আজ হাওয়া ভবন নাই, কিন্তু হাওয়া ভবনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা ভোল পাল্টে সমাজে একইভাবে অবস্থান করছেন।”
সেই সঙ্গে ‘সন্ত্রাস, টেন্ডারবাজি’ নিয়ন্ত্রণ করতে না পারায় আওয়ামী লীগেরও সমালোচনা করেন মেনন।
তিনি বলেন, “প্রবৃদ্ধি অব্যাহত রাখতে আমাদের প্রয়োজন সুশাসন। আমাদের প্রধানমন্ত্রী যেসব সাফল্য নিয়ে আসছেন, দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, টেন্ডারবাজি, সন্ত্রাস, অভ্যন্তরীণ কলহ, হত্যা, গুম এসব অর্জনকে পরিপূর্ণভাবে ম্লান করে দিচ্ছে।”
রাশেদ খান মেনন, ফাইল ছবি
মেনন বলেন, বিদ্যুত খাতে সরকারের অগ্রগতি ‘প্রশংসনীয়’ হলেও বিশেষ আইন করে ‘রেন্টাল পাওয়ার প্ল্যান্ট’ ও ‘কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট’ স্থাপনসহ যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা ‘জাতীয় স্বার্থের বিরুদ্ধে’ গেছে বলে মনে করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি।
বিদ্যুৎ খাতে বাংলাদেশ এখন যে সক্ষমতা অর্জন করেছে, তাতে এ ধরনের আইনের আর প্রয়োজন নেই বলেও মত দিন তিনি।
নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ঢাকা সফরে বিদ্যুৎ খাতে ভারতের দুটি কোম্পানির সঙ্গে চুক্তির সমালোচনা করে মেনন বলেন, আইন করে বিদেশি প্রতিষ্ঠানকে ‘আশ্রয় দেওয়া’ জাতীয় স্বার্থের পক্ষে যায় না।
“আদানি ও রিলায়েন্স জাতীয় স্বার্থের পক্ষে কাজ করবে বলে আমি মনে করি না। সেক্ষেত্রে এ বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য বিদ্যুৎ মন্ত্রীকে অনুরোধ করব।”
বিদ্যুৎ সেবার বিরাষ্ট্রীকরণের সমালোচনা করে সরকারের এই শরিক নেতা বলেন, “বিদ্যুৎ খাতের সব বিষয় ক্রমাগত বেসরকারি খাতে চলে যাচ্ছে। বেসরকারি খাতে তেল আমাদনি হচ্ছে। জ্বালানি খাত উন্নয়নে সরকারি বরাদ্দ কমানো হচ্ছে। বিদ্যুৎ খাতের ক্রমাগত বেসরকারিকরণ একটি স্বাধীন রাষ্ট্রের জন্য কতখানি সুবিধাজনক তা বিশেষভাবে বিবেচনা করা প্রয়োজন।”
শিক্ষায় ‘অবহেলা’
টাকার অংকে প্রতিবছর শিক্ষাখাতে বরাদ্দ বাড়লেও মোট বাজেটের অনুপাতে এর পরিমাণ কমার প্রবণতাও সংসদের সামনে তুল ধরেন মেনন।
তিনি বলেন, “শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রীকে বারবার বলেছেন, জিডিপির ৬ ভাগ বরাদ্দ করতে। শিক্ষাখাতে গতবারের চেয়ে বরাদ্দ বেড়েছে। কিন্তু তুলনামূলকভাবে বরাদ্দ কমে এসেছে।”
বাংলাদেশ এ দিক দিয়ে নেপালের চেয়েও পিছিয়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
“অর্থমন্ত্রী এমপিও’র ব্যাপারে চূড়ান্ত খড়্গহস্ত। কিন্তু তিনি জানেন না, এর ফলে গ্রামের স্কুল-কলেজগুলোর শিক্ষকরা কীভাবে দিনযাপান করেন।”
মেনন বলেন, “বর্তমান পে-স্কেলে শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই পে-কমিশন প্রত্যাখ্যান করেছেন। মন্ত্রিপরিষদ অনুমোদন দিলে সারাদেশে শিক্ষক অসন্তোষ শুরু হয়ে যাবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ট্যাক্স বসানো হয়েছে। আমি জানি না কীভাবে শিক্ষার ওপর এই আঘাত আমরা সামলাব।”
কৃষক ধানের দাম ‘কম পাচ্ছে’ মন্তব্য করে সাবেক রাজনৈতিক সহকর্মী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সমালোচনা করে মেনন বলেন, “কৃষিখাতে বরাদ্দ কমেছে। কৃষিমন্ত্রী বোরো ধানের মূল্য প্রসঙ্গে বলেছেন এটা প্রাচুর্য্যের বিড়ম্বনা। কৃষকরা ধানের দাম পান নাই। এতে তাদের কত ক্ষতি হয়েছে তা বের করা প্রয়োজন।”
বিমান পরিবহনমন্ত্রীর বাজেট আলোচনায় স্বাস্থ্যখাতের বরাদ্দ কমার প্রসঙ্গও আসে।
নিজের মন্ত্রণালয় প্রসঙ্গে মেনন বলেন, “আমার মন্ত্রণালয়কে এই বাজেটে সবচেয়ে কম বরাদ্দ দেওয়া হয়েছে, মাত্র ৩৭২ কোটি টাকা। শুধু তাই না, দুটি প্রতিষ্ঠান-বিমান এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এ দুটি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের হাতে কোনো ক্ষমতা নেই।”
বাংলাদেশে যেভাবে কর আদায় হচ্ছে, তা নিয়েও সরকারের সমালোচনা করেন এই মন্ত্রী।
তিনি বলেন, “বাংলাদেশ অর্থনীতি সমিতি দেখিয়েছে, মাত্র ৪৬ জন ব্যক্তি এক কোটির ওপরে কর দেন। অথচ এই সংখ্যাটি হওয়ার কথা ৫০ হাজার। সে হিসেবে আমরা ৫০ হাজার কোটি টাকা কর আদায় করতে পারিনি।”
জামায়াত কেন নিষিদ্ধ নয়?
বিএনপির সমালোচনা করে মেনন বলেন, “সমস্ত কূল হারিয়ে বিএনপি এখন রাজনৈতিক সমঝোতার কথা বলছে। সমঝোতা করতে হলে বিএনপিকে অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির ধারায় ফিরে আসতে হবে। জামায়াতের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হবে।”
ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, জামায়াত কেবল ‘যুদ্ধাপরাধী’ দল নয়, জামায়াতের ‘ক্যাডাররাই’ আনসারুল্লাহ, জেএমবিসহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনে যুক্ত।
“এরা সবাই জামায়াতের ছাতার নিচে থাকে। জামায়াতের সমর্থন নিয়েই নিত্য-নতুন সন্ত্রাসী সংগঠন গড়ে উঠছে। হত্যার হুমকি দিচ্ছে মুক্ত চিন্তার ধারকদের, শিক্ষকদের। হত্যা করছে ব্লগারদের।”
এরপরও জামায়াতকে নিষিদ্ধ না করায় সরকারের সমালোচনা করেন মেনন।
তিনি বলেন, “এ ধরনের দল গণতান্ত্রিক রাজনীতি করতে পারে না। এই দল নিষিদ্ধ করা মানুষের দাবি। আইনমন্ত্রী বেশ কয়েকবার বলেছেন এ সম্পর্কিত আইন প্রস্তুত। কিন্তু সেই আইন আলোর মুখ দেখছে না। কেন দেখছে না, সেটার কোনো ব্যাখ্যা আমাদের জানা নেই।”
