২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের গম পচা নয়, দাবি মন্ত্রণালয়ের

ব্রাজিল থেকে আমদানি করা গমের নমুনা পরীক্ষা করে পচা কিংবা মানুষের খাওয়ার অনুপোযোগী কোনো গম পাওয়া যায়নি বলে দাবি করেছে খাদ্য মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 10:27 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিরূপ সংবাদ প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে সারাদেশ থেকে জেলা প্রশাসকদের মাধ্যমে সিলগালা অবস্থায় গমের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে আবার টেস্ট করানো হয়।

“ব্রাজিল থেকে আসা গম চুক্তিতে বর্ণিত বিনির্দেশ মোতাবেক পাওয়া গেছে। টেস্ট রিপোর্টে পচা কিংবা মানুষের খাবার অনুপোযোগী কোনো গম পাওয়া যায়নি।”

ব্রাজিল থেকে পঁচা ও খাওয়ার অনুপযোগী গম আমদানি করা হয়েছে বলে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ  প্রকাশ হয়।

এ নিয়ে সমালোচনার মধ্যে গত শনিবার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জাতীয় সংসদে বলেন, ব্রাজিল থেকে আর গম আনবেন না তারা।

তবে ওই গম নষ্ট কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে সে সময় জানিয়েছিলেন তিনি।

যথাযথ নিয়ম মেনে এই গম আমদানি করা হয়েছে দাবি করে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, গম বন্দরে পৌঁছানোর পরও ল্যাবরেটরিতে পরীক্ষার পর তা গ্রহণ করা হয়।

পুরনো খবর:

ব্রাজিলের গম আর নয়: খাদ্যমন্ত্রী