২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোংরা পরিবেশে সেমাই তৈরিতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে চট্টগ্রামে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 07:59 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

এছাড়া বিএসটিআইর অনুমোদন ছাড়া খাবার পানি প্রক্রিয়াজাতকারী একটি কারখানা সিলগালা করে দিয়েছে অপর একটি আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরশাফুল আলম ও তামীম আল ইয়ামিন বুধবার নগরীর চাক্তাই ও আগ্রাবাদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেন।

সেমাই প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো হল- ‘দুই আম মার্কা সেমাই’, ‘এম হোসেন ট্রেডার্স’ ও ‘তাহের ফ্লাওয়ার’।   

চাক্তাই এলাকায় এসব প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল বলে আরশাফুল আলম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই অপরাধে দুই আম মার্কা সেমাই ও এম হোসেন ট্রেডার্সকে ৩০ হাজার করে এবং তাহের ফ্লাওয়ারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।”

এছাড়া প্যাকেটের গায়ে মেয়াদ ও উৎপাদনের তারিখ উল্লেখ না করায় ফাইরুজ ফ্লাওয়ার্স নাম একটি ময়দা তৈরির কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা বলেও জানান তিনি।

এছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খাবার পানি প্রক্রিয়াকরণ করে বাজারজাত করায় নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে ‘গ্রিলে’ নামের একটি  প্রতিষ্ঠানকে সিলগালা করে দেন ম্যাজেস্ট্রেট তামীম আল ইয়ামিন।