২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিনদিনের বৃষ্টিতে ভোগান্তি, ফসলের ক্ষতি

তিন দিনের টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রাম নগরীর বাসিন্দারা। কয়েকটি উপজেলায় ফসলেরও ক্ষতি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 05:13 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

বুধবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রামে ৩৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের (পতেঙ্গা) উপ-পরিচালক সন্তোষ চন্দ্র মাতব্বর বৃহস্পতিবারও চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বিহার ও তৎসলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত লঘুচাপ ছাড়াও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সোমবার থেকে টানা বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম এলাকায়।

নগরীর মুরাদপুর, দুই নম্বর গেট, ষোলশহর, চকবাজার, বাদুরতলা, বাকলিয়া, হালিশহর, আগ্রাবাদ এক্সেস সড়ক ও পশ্চিম মাদারবাড়ি এলাকার কয়েকটি সড়কে গোড়ালি পর্যন্ত পানি জমে থাকতে দেখা গেছে বুধবার সকালে।

বৃষ্টির কারণে সড়কে যানবাহন চলাচলও কম। দুই নম্বর গেট এলাকায় আগ্রাবাদগামী মো. শাহজাহান জানালেন, আধা ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অফিসে যাওয়ার জন্য গাড়ি পাননি।

চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী এলাকার নিম্নাঞ্চল ও কৃষিজমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালিয়াইশ, ধর্মপুর, কেওচিয়া, আমিলাইশসহ কয়েকটি ইউনিয়নের নিচু এলাকা ও কৃষিজমি পানির নিচে চলে গেছে।

“এসব এলাকার জমিতে ফসল আছে। দ্রুত পানি না নামলে সব ফসল নষ্ট হয়ে যাবে। শঙ্খ নদীর পানিও বেড়ে গেছে।”

চন্দনাইশের উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীদা শারমিনও বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকায় পানি ওঠার খবর জানিয়েছেন।