২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কসবায় বিজিবির ওপর হামলার চেষ্টা, গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহলদলের ওপর হামলা চেষ্টার পর পাঁচ মণ গাঁজা উদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 02:29 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

বুধবার ভোরের দিকে মঈনপুর সীমান্তের কাছে চোরাকারবারী ও স্থানীয়রা মিলে শতাধিক লোক এই হামলার চেষ্টা করে বলে ১২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নজরুল ইসলাম জানান।

তিনি বলেন, পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে পাঁচ মণ গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্তের গোবিন্দপুর-কামালপুর এলাকা দিয়ে মাদক পাচারের খবর পেয়ে ১২ বিজিবি ব্যাটালিয়নের মঈনপুর বিওপির একটি টহলদল সেখানে যায়।

“এ সময় অন্তত শতাধিক লোক বিজিবি সদস্যদের ঘিরে ধরে হামলার চেষ্টা করে। পরে খবর পেয়ে আশপাশের বিওপি থেকে বিজিবির সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে। তবে হামলাকারীরা পালিয়ে যায়।”

ঘটনার পর সেখানে বাড়তি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে লেফট্যানেন্ট কর্নেল নজরুল জানান।