২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালকসহ দুইজন নিহত এবং আরো অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 08:57 AM

Updated : 12 Oct 2022, 03:55 PM

রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভূঞা জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আমগ্রাম এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক আশরাফুল ইসলামের (৩৫) বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়াদহ গ্রামে। অন্য জনের নাম পরিচয় জানা যায়নি, তার বয়স আনুমানিক ৩৪ বছর বলে পুলিশ জানিয়েছে।

ওসি আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবহনের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এই ঘটনা ঘটে।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।