মেয়েদের বিয়ের বয়স ১৮ বছরই থাকবে: প্রতিমন্ত্রী
মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছরই রাখা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
মঙ্গলবার গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে বিবাহিত মেয়ে শিশুদের ক্ষমতায়নের জন্য ইনিসিয়েটিভ ফর ম্যারিড অ্যাডোলেসেন্ট গার্লস এমপাওয়ারমেন্টের - ইমেজ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, “ইদানীং মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স নিয়ে একটি বিতর্কের মতো চলছে যে, মেয়েদের বিয়ের বয়স যা আছে তাই থাকবে না, কমানো হবে। তবে আমি বলছি, এ বিষয়ে আমরা সম্মত যে ১৮ বছরের নিচে বিয়ে না।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বাল্যবিবাহের কারণে সমাজে নানা সমস্যার সৃষ্টি হওয়ার বিষয়গুলো তুলে ধরেন।
“এসব সমস্যা রোধ করতে মেয়েদের বিয়ের বয়স আঠারোই রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।”
সরকার বাল্যবিয়ে রোধে সম্পূর্ণ আন্তরিক জানিয়ে এক্ষেত্রে এনজিওগুলোর সমন্বিত কাজের উপর জোর দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ইমেজ প্রকল্পটি দুটি জেলায় শুরু হচ্ছে। যদি দেখা যায় এটা কার্যকর হয়েছে, তাহলে এই প্রকল্প সারা দেশে ছড়িয়ে দেওয়া যাবে।
ইমেজ প্রকল্প সম্পর্কে জানানো হয়, দক্ষিণ এশিয়ায় গড় বাল্যবিবাহের হার ৪৮ শতাংশ। বাংলাদেশে এ হার ৬৪ শতাংশ। এদেশে ২০-২৪ বয়সী নারীদের প্রতি তিনজনের মধ্যে অন্তত একজনের বিয়ে হয় ১৮ বছরের আগেই।
ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি ৩ জনের মধ্যে ২ জন শিশুর ১৮ বছর হওয়ার আগেই বিয়ে হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাই বাল্যবিবাহের হার কমিয়ে আনতে এ ধরনের কর্মসূচি হাতে নিয়েছে ‘ইমেজ’।
দুই বছরব্যাপী এ প্রকল্পের অধীনে ৪ হাজার ৫০০ বিবাহিত শিশুকে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং তাদের অধিকারগুলো ভালো করে বুঝতে এবং এর আলোকে জীবন পরিবর্তন করার ক্ষেত্রে সহায়তা করা হবে।
এই পরিবর্তন আনার জন্য শুধু বিবাহিত শিশুই নয়, তাদের স্বামী, শ্বশুড়বাড়ি, বাবা-মা, পাড়া-প্রতিবেশী এবং তাদের আশেপাশের মানুষজনকেও সচেতন করার কাজ করা হবে ইমেজ প্রকল্পের অধীনে।
নেদারল্যান্ডসের অর্থায়নে ইমেজ প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে টেরে ডেস হোমস নেদারল্যান্ডস এবং বেসরকারি সংস্থা রেড অরেঞ্জ। দেশের তিনটি জেলা- গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারীতে প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে টেরে ডেস হোমস লোসান, বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশন এবং পল্লীশ্রী।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স মারটিন ভান হুগস্ট্রাটেন এবং আইন সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।
অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাসের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক সচিব এলা দে ভুগড শুভেচ্ছা বক্তব্য রাখেন।
