সাংসদ সমর্থকদের হামলায় পণ্ড অটিজম কর্মশালা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যকে অতিথি না করায় তার সমর্থকরা হামলায় চালিয়ে অটিজম বিষয়ক একটি কর্মশালা পণ্ড করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পাকুন্দিয়া থানার ওসি হাসান আল মামুন জানান, মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ হামলার ঘটনা ঘটে। হামলায় কর্মশালা পণ্ড হলেও কেউ আহত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় পূর্ব নির্ধারিত ওই কর্মশালা শুরুর পর প্রথম পর্ব মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়।
বেলা ২টার দিকে কর্মশালার দ্বিতীয় পর্বে কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য সোহরাব উদ্দিনের সমর্থকরা এসে কর্মশালায় আসা লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করে তাদের হল থেকে বের করে দেয়। এরপর সম্মেলন কক্ষের চেয়ার-টেবিলসহ আবসাবপত্র ভাংচুর করা হয়।
সাংসদ সোহরাবের সমর্থক হিসেবে পরিচিত পাকুন্দিয়া কলেজের চার সাবেক ভিপি শফিকুল ইসলাম, আবদুল হাকিম, ফরিদ উদ্দিন ও হেলাল উদ্দিন এ ঘটনায় নেতৃত্ব দেয়।
অটিজম বিষয়ক এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ওই আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ডা. মো. আবদুল মান্নানের ছেলে মাজহার মান্না পার্থ।
অনুষ্ঠানে পাকুন্দিয়ার ইউএনও মোশাররফ হোসেন খান সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি উপস্থিত না থাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিনা আক্তার সভাপতিত্ব করেন।
এতে পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রেনু প্রধান অতিথি ছিলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল বলেন, কর্মশালার প্রশিক্ষক মাজহার মান্না পার্থ সাবেক সংসদ সদস্য মো. আবদুল মান্নানের ছেলে। ২০০৮ সালের নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হওয়ার ক্ষোভ থেকে সাবেক এমপির ছেলের এই অনুষ্ঠানে বর্তমান এমপির সমর্থকরা হামলা চালিয়েছে।
পাকুন্দিয়ার ইউএনও মোশাররফ হোসেন খান বলেন, “ওই কর্মশালায় আমার সভাপতিত্ব করার কথা থাকলেও জেলা প্রশাসনের একটি জরুরি সভায় যোগ দিতে কিশোরগঞ্জ ছিলাম। পরে ঘটনা সম্পর্কে জেনেছি।”
পাকুন্দিয়া কলেজের সাবেক ভিপি সাংসদ সোহরাব উদ্দিনের অনুসারী শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় সংসদ সদস্যকে না জানিয়ে অনুষ্ঠান করায় ছাত্রলীগ নেতাকর্মীরা বাধা দেয়। পরে গায়ের জোরে অনুষ্ঠান করতে চাইলে তা পণ্ড করে দেওয়া হয়।”
তবে এ বিষয়ে সাংসদ সোহরাব উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।
