তিন দিনের বৃষ্টিতে দুর্ভোগ শরীয়তপুরে
শরীয়তপুরে তিন দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের বিভিন্ন এলাকা।
স্থানীয়রা এজন্য পৌরসভার অদক্ষতাকে দায়ী করলেও পৌর মেয়র বলছেন, তহবিল না থাকায় অনেক সমস্যার সমাধােই করা সম্ভব হচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, গত তিন দিনের টানা বৃষ্টিতে শহরের পালং স্কুল রোড়, হরিসভা, উত্তর বাজার, স্বর্ণঘোষ, নিরালা আবসিক এলাকা, শান্তি নগর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পানি জমেছে তিন থেকে চার ফুট।
এছাড়া শহরের অধিকাংশ রাস্তাঘাট, আবাসিক এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন অধিবাসীরা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা এবং খালগুলো ভরাট হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তাছাড়া পৌর কর্তৃপক্ষও এ বিষয়ে তেমন নজর দিচ্ছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার একজন কর্মকর্তা জানান, পুরো শহরে পাকা ড্রেন রয়েছে প্রায় দুই কিলোমিটার। তবে এসব ড্রেন নিয়মিত পরিষ্কার করা হয় না।
স্থানীয়দের এ দুর্ভোগের বিষয়ে জানতে চাওয়া হলে শরীয়তপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সী দাবি করেন, বৃষ্টির কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে; এটি সাময়িক।
তিনি বলেন, “স্থায়ীভাবে জলাবদ্ধতা দূর করতে নতুন করে নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন। তবে তহবিল না থাকায় এসব সমস্যার সমাধান করা যাচ্ছে না।”
