ছেলেকে নিয়ে ঘরে ফেরা হল না কুসুমের
কোচিং শেষে ছেলেকে নিয়ে বাসায় ফেরার অপেক্ষায় দেয়ালের পাশে দাঁড়িয়েছিলেন জান্নাতুল ফেরদৌস কুসুম, সেই দেয়াল ধসেই মৃত্যু হয়েছে এই নারীর।
মঙ্গলবার দুপুরে কুসুমের বাড়িতে গিয়ে দেখা যায় নির্বাক হয়ে আছে সন্তান তানজিনুল হক লিপ্টন (১২), তাকে নিয়েই ফেরার কথা ছিল মায়ের। লিপ্টনের পাশে বসা ছোট বোন তাসনিমা (৫) মাকে দেখতে না পেয়ে কিছুক্ষণ পরপর শুধু কাঁদছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ির রেলগেইট সংলগ্ন নিরিবিলি হোটেলের গলিতে রেলওয়ের মালিকানাধীন সীমানা প্রাচীর ধসে মারা যান কুসুম (৩৫)।
একই ঘটনায় আরও নিহত হন দি চৌমুহনী পরিবহনের ব্যবস্থাপক সুধীর চক্রবর্তী (৩৫)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত মহাদেব চক্রবর্তীর ছেলে।
কুসুমের স্বামী মনিরুল হক আগ্রাবাদ এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। পশ্চিম মাদারবাড়ি যুগী চাঁদ মসজিদ লেইনের ঘোলা পুকুর পাড় এলাকায় তাদের বাড়ি।
মনিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ছেলেকে নিয়ে কোচিংয়ে যান কুসুম। এরপর তিনিও অফিসে যান।
“অফিসে গিয়ে টেলিফোন করি। রিকশা ভাড়া নিয়েছে কি না, জানতে চাই। কুসুম জানায়, সে একশ টাকা নিয়ে বেরিয়েছে। এই শেষ কথা।”
বেলা ১০টার পরপরই কুসুমের মোবাইল থেকে একজন ফোন করে দুর্ঘটনার খবর দেয় মনিরুলকে।
তানজিনুলকে নিয়ে বাসা থেকে বের হওয়ার আগে ছেলে-মেয়েকে নিজ হাতে নাস্তা খাইয়েছিলেন কুসুম, দুপুরেরও মায়ের হাতে খাওয়ার কথা ছিল দুই সন্তানের।
তানজিনুল বলে, “প্রতিদিন মা আমাকে নিয়ে যেত। কোচিং থেকে আসার পর আমাদের ভাত খাওয়াবে বলেছিল।”
নিরিবিলি হোটেল গলিতে ‘হোটেল বিরতি’ ভবনের পঞ্চম তলায় আশীষ কুমার স্যারের কাছে পড়তে গিয়েছিল তানজিনুল।
মনিরুল বলেন, প্রতিদিন ছেলেকে পড়তে দিয়ে পাশের ওই গলিতে দাঁড়িয়ে থাকতেন কুসুম। পড়া শেষ হলে তাকে নিয়ে ফিরতেন।
সুধীরের সহকর্মী মো. ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই রাস্তায় দাঁড়িয়েছিলেন সুধীর। এসময়ই দেয়ালটি ধসে পড়ে।
সুধীরের পরিবারের সবাই নোয়াখালীতে থাকে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হোটেল বিরতি ভবনের পাশেই ১০-১২ফুট প্রশস্ত একটি রাস্তা। রাস্তার বাম পাশে থাকা প্রায় ছয় ফুট উঁচু ও ৩০ ফুট দীর্ঘ অনেক দিনের পুরনো দেয়ালটির প্রায় পুরোটাই ধসে পড়েছে।
স্থানীয়রা জানান, বৃষ্টি হওয়ায় ওই রাস্তায় লোক কম ছিল। অন্যান্য দিন বেশ কয়েকজন অভিভাবক ওই রাস্তায় অপেক্ষমান থাকেন।
দেয়ালের বামে (বিপরীত পাশে) ১০ থেকে ১২ ফুট উচ্চতার একটি ইটের স্তূপ। এর পাশেই মেসার্স সফল ট্রান্সপোর্ট অ্যান্ড কর্পোরেশন সিস্টেম নামে একটি পরিবহন সংস্থার এক তলা টিনশেড কার্যালয়।
চট্টগ্রামের মাদারবাড়িতে এই সীমানা প্রাচীর ধসে দুইজন নিহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে দেয়ালের পাশে এসব ইট রাখা আছে। ভারি বৃষ্টিতে এবং ইটের চাপে পুরনো দেয়ালটি ধসে পড়ে।
ধসে পড়ার পর বেলা ১১টার দিকে দমকল বাহিনী ঘটনাস্থলে আসে। শুরুতে তারা কুসুমকে উদ্ধার করে। এরপর স্থানীয়দের সহায়তায় ধ্বংসাবশেষ সরিয়ে বেলা সাড়ে ১২টার দিকে সুধীরকে উদ্ধার করা হয়।
স্থানীয় ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের বলেন, বাইরের লোকজন ওই খালি জায়গায় ইট রাখে বলে শুনেছি।
সদরঘাট থানার ওসি মাঈনুল ইসলাম ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেয়ালটি রেলওয়ের মালিকানাধীন। দেয়ালটি প্রায় ৪০ বছরের পুরনো।
“দেয়ালের বিপরীত পাশের জমিটি মহসীন নামের এক ব্যক্তি লিজ নিয়েছে। সেই বিভিন্ন জনকে ভাড়া দিয়েছে। ভাড়া নিয়ে কেউ কেউ ইট রেখেছে বলে জেনেছি।”
দুর্ঘটনার পর ধসে পড়া দেয়ালের বিপরীত পাশে থাকা ইটের স্তূপটি সরিয়ে নেওয়া শুরু করে দমকলকর্মীরা।
