২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দেয়ালচাপায় নিহত ২

চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় সীমানা প্রাচীর ভেঙে পড়ে দুই পথচারীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 01:28 PM

Updated : 12 Oct 2022, 03:54 PM

মঙ্গলবার সকাল ১০টার দিকে বন্দরনগরীর পশ্চিম মাদারবাড়ি রেল গেইট সংলগ্ন নিরিবিলি হোটেলের গলিতে এ দুর্ঘটনা ঘটে বলে নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) মো. মঈনউদ্দিন জানান।

নিহত জান্নাতুল ফেরদৌস কুসুম (৩৫) ওই এলাকার জুগী চাঁদ মসজিদ লেইনের মনিরুল হকের স্ত্রী। সকালে কোচিং সেন্টার থেকে ছেলেকে আনতে গিয়ে ওই গলিতে তিনি দুর্ঘটনার শিকার হন।

আর নিহত সুধীর চক্রবর্তী (৩৫) দি চৌমুহনি পরিবহনের ব্যবস্থাপক। তিনি নোয়াখালী জেলার সেনবাগের মোহাম্মদপুর গ্রামের মৃত মহাদেব চক্রবর্তীর ছেলে। 

সহকারী কমিশনার মঈনউদ্দিন জানান, সকাল ১০টার দিকে ওই গলির একটি সীমানা প্রাচীর ভেঙে পড়ে। এতে কুসুম ঘটনাস্থলেই মারা যান।

Image
নিহত জান্নাতুল ফেরদৌস কুসুম

নিহত জান্নাতুল ফেরদৌস কুসুম

ফায়ার সার্ভিস কর্মীরা সুধীরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম জানান।

মঈনউদ্দিন জানান, প্রায় ছয় ফুট উঁচু ও ৩০ ফুট দীর্ঘ দেয়ালটি অনেক দিনের পুরনো। দেয়ালের বিপরীত পাশে ১০ থেকে ১২ ফুট উচ্চতার একটি ইটের স্তূপ রয়েছে।

“স্থানীয়রা বলছেন, বৃষ্টির কারণে ইট সরে গিয়ে দেয়ালে চাপ সৃষ্টি হওয়ায় সেটি ধসে পড়েছে।”

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হোটেল বিরতি ভবনের পাশেই ১০-১২ফুট প্রশস্ত একটি রাস্তা। রাস্তার বাঁ পাশে থাকা প্রায় ছয় ফুট উঁচু ও ৩০ ফুট দীর্ঘ পুরনো দেয়ালটির প্রায় পুরোটাই ধসে পড়েছে।

দেয়ালের বিপরীত পাশে ১০ থেকে ১২ ফুট উচ্চতার একটি ইটের স্তুপ। এর পাশেই মেসার্স সফল ট্রান্সপোর্ট অ্যান্ড করপোরেশন সিস্টেম নামে একটি পরিবহন সংস্থার এক তলা টিনশেড কার্যালয়।

স্থানীয়রা জানান, ওই সড়কে এক শিক্ষকের বাসায় শিক্ষার্থীরা প্রাইভেট পড়তে আসে। তাদের অভিভাবকরা রাস্তার পাশে ওই দেয়ালের পাশেই ছেলেমেয়েদের অপেক্ষায় থাকেন। সকাল থেকে বৃষ্টি হওয়ায় এদিন তুলনামূলকভাবে লোক কম ছিল।