২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময় ফুরিয়ে গেল, গান শেষ হল না মহসীন আলীর

প্রথমে বাংলায় শুরু করেছিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী, তারপর কিছুক্ষণ ইংরেজিতে বক্তৃতার পর রবীন্দ্র সঙ্গীত গাইতে শুরু করেন তিনি, কিন্তু সময় ফুরিয়ে যাওয়ায় ডেপুটি স্পিকার মাইক বন্ধ করে দিলে গান আর শেষ করতে পারেননি তিনি।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 04:54 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

প্রকাশ্যে ধূমপান, সাংবাদিকদের হুমকিসহ নানা ঘটনায় বিতর্কের জন্ম দেওয়া মৌলভীবাজারের এই আওয়ামী লীগ নেতা মঙ্গলবার সংসদে বাজেটের উপর আলোচনা করতে দাঁড়িয়েছিলেন। 

শুরুতে মহসীন আলী লিখিত বক্তব্য দিচ্ছিলেন। তার জন্য নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় অধিবেশন পরিচালনার দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, “মাননীয় মন্ত্রী আপনার সময় শেষ হয়ে গেছে।”

এ সময় মহসীন আলী সময় চাইলে ডেপুটি স্পিকার সময় দিয়ে বলেন, “আপনি তিন মিনিটে শেষ করুন। মাননীয় মন্ত্রী আপনি লিখিত বক্তব্যের চেয়ে এমনিতে বক্তব্য দিলে ভালো হয়।”

তখন মহসীন আলী বলেন, “কিছু সংখ্যা আছে তো, আমাকে বলতে হয়।”

এরপর লিখিত বক্তব্য শেষ করে ইংরেজিতে কথা বলতে শুরু করেন এই মন্ত্রী।

“হোয়াট মালয়েশিয়া ওয়াজ ইয়েসটারডে, হোয়াট মালয়েশিয়া ইজ টুডে, হোয়াট বাংলাদেশ ওয়াজ ইয়েসটারডে .....

কয়েকটি বাক্য বলার পর বিধি অনুযায়ী তিনি ইংরেজিতে বক্তব্য দেওয়ার অনুমতি চাইলে তা মঞ্জুর করেন ডেপুটি স্পিকার।

এরপর ইংরেজিতে বক্তব্য চালিয়ে যান মহসীন আলী।

অতিরিক্ত বরাদ্দের তিন মিনিট শেষ হওয়ার পর ডেপুটি স্পিকার তাকে বলেন, “অনারেবল মিনিস্টার, ইউর টাইম ইজ ওভার।”

তখন তিনি আরও কথা বলতে চাইলে ডেপুটি স্পিকার বলেন, “প্লিজ কনক্লুড ইউর স্পিস উইদিন টু মিনিটস। আই কান্ট অ্যাফোর্ড মোর দ্যান টু মিনিটস।”

Image
সৈয়দ মহসীন আলী (ফাইল ছবি)

সৈয়দ মহসীন আলী (ফাইল ছবি)

এরপর আবার বক্তব্য শুরু করেন মহসীন আলী।

ইংরেজিতে বক্তব্য শেষে তিনি বলেন, “মাননীয় স্পিকার, সবার শেষে আমি শুধু একটি কথাই বলব। রবীন্দ্রনাথের সেই কথা।

“আমার সকল দুঃখের প্রদীপ/জ্বেলে দিবস/গেলে করব নিবেদন/আমার ব্যথার পুজা,” গানটি এই পর্যায়ে আসার পর ডেপুটি স্পিকার তার মাইক বন্ধ করে দেন।

তবে বক্তব্যের শেষের দিকে এবং গানটি গাওয়ার সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে অভিনন্দন জানান মহসীন আলীকে।

তবে বক্তব্যের শেষে মহসীন আলীর দুটি শব্দ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানান ডেপুটি স্পিকার। তবে বাদ দেওয়া শব্দটি নিজেই উচ্চারণ করে আবার শুধরে নিয়েছিলেন ফজলে রাব্বী মিয়া।

তিনি মন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “মাননীয় মন্ত্রী, আপনার বক্তব্যে আপনি দুটি জায়গায় মাননীয় মন্ত্রী জনাব আমির হোসেন আমু ভাইকে .. আমুকে ভাই বলে সম্বোধন করেছেন এবং বাণিজ্যমন্ত্রী জনাব তোফায়েল আহমেদকেও ভাই বলে সম্বোধন করেছেন। আমি ভাই শব্দ দুটি আপনার প্রসিডিং থেকে এক্সপাঞ্জ করলাম।”

পুরনো খবর:

ধূমপান: এবার সংবাদ সম্মেলনে ক্ষমা চাইলেন মন্ত্রী
সাংবাদিকদের হুমকি, মন্ত্রীর দুঃখ প্রকাশ