২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান লেক ভরাট: ৭ দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ

শাহজাদপুর অংশে গুলশান লেক ভরাট, দখল ও স্থাপনা নির্মাণে জড়িতদের বিরুদ্ধে জলাধার সংরক্ষণ আইনে সাত দিনের মধ্যে ব্যবস্থা নিতে বলেছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 05:46 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

সোমবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি জেএন দেব চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদন শুনে রুলসহ এ নির্দেশ দেয়।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ম্যাজিস্ট্রেট, ঢাকার পুলিশ কমিশনার ও শাহজাদপুর ওসিকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপের বিষয়ে তিন সপ্তাহের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বিবাদীদের বলা হয়।

১৫ জুন ‘গুলশান লেকের পারে নতুন স্থাপনা!’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি সংগঠন রোববার রিট আবেদনটি করে।

এতে লেকে ভরাট ও অবৈধ স্থাপনা নির্মাণে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়।

রিটের পক্ষে শুনানিতে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, জলাধার সংরক্ষণ আইনের পাঁচ ধারায় জলাধারের বৈশিষ্ট্য পরিবর্তনের উপর বিধি-নিষেধ আরোপিত আছে।

“পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে, জলাধার ভরাট বেআইনি। এরপরেও শাহজাদপুর এলাকায় গুলশান লেকের ধারে স্থাপনা নির্মাণ ও ভরাটের খবর সংবাদ মাধ্যমে এসেছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর।”

গুলশান লেকের ভেতর দখল করে মাটি ভরাট স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কাউকে অনুমতি না দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা রুলে জানতে চেয়েছে হাই কোর্ট।

পরিবেশ সচিব, রাজউক চেয়ারম্যান, পুলিশ কমিশনার, রাজউকের উপ-পরিচালক ও শাহজাদপুর থানার ওসিসহ আট বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।