মানহানির মামলায় একে খন্দকারের আগাম জামিন
মানহানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার এক মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী ও মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক একে খন্দকার ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।
সোমবার তার উপস্থিতিতে আগাম জামিন চাওয়া হলে বিচারপতি নিজামুল হক ও ফরিদ আহমদ শিবলীর হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেয়।
আদালতে বিবাদীর পক্ষে ছিলেন আইনজীবী সুব্রত চৌধুরী, জাহেদুল বারি ও রমজান আলী সিকদার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মুনিরুজ্জামান।
পরে সুব্রত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আগাম জামিনের বিষয়টি জানান।
২০১৪ সালের ১০ সেটেম্বর মুজিব বাহিনীর সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব এম এ ইসহাক ভূঁইয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ কে খন্দকারের বিরুদ্ধে ওই মানহানির মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, ৯ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, একে খন্দকার তার ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইতে মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর কিছু সদস্য যুদ্ধের সময় লুটপাট চালিয়েছে বলে উল্লেখ করেছেন। এতে বাদীর মানহানি হওয়ায় তিনি মামলা করেছেন।
বিচারক মনিরা সুলতানা ২৫ জুন বিবাদীকে সশরীরে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
