২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে যৌতুকের দাবিতে নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 10:05 AM

Updated : 22 Aug 2022, 12:39 PM

উপজেলার ডাসার থানার উপ-পরিদর্শক এমদাদ হোসেন জানান, রোববার রাতে পশ্চিম বালিগ্রাম থেকে খাদিজা বেগম নামে ২৪ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

ছয় বছর আগে সদর উপজেলার ঝাউদি গ্রামের ইউসুব ফকিরের ছেলে এনায়েত ফকিরের সঙ্গে বিয়ে হয় খাদিজার।

বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজন তাকে নির্যাতন করে আসছিল বলে অভিযোগ করেছেন খাদিজার মা সুরাতন বিবি।

তিনি জানান, বিয়ের সময় ‘জিনিসপত্র’ দেওয়া হলেও পরে বিভিন্ন সময় টাকা চাইতেন এনায়েত।

“টাকা না পেয়ে দুই মাস আগে শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। তার গর্ভের সন্তান তখন নষ্ট হয়ে যায়।”

সুরাতন বিবি বলছেন, টাকার অভাবে তার মেয়ের চিকিৎসাও ঠিকমতো করা সম্ভব হচ্ছিল না। তখন থেকেই খাদিজা অসুস্থ ছিলেন।

খাদিজার মায়ের অভিযোগেই রোববার রাতে ডাসার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য সোমবার সকালে লাশ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে এসআই এমদাদ হোসেন জানান।